তেলের দামে আগুন, বাজারে ধস! সোমবার বাজার খুললেই কি উবে যাবে লক্ষ লক্ষ কোটি টাকা?

নতুন সপ্তাহের শুরুতেই ভারতীয় শেয়ার বাজারে বড়সড় ধসের আশঙ্কা দানা বাঁধছে। ইরান-ইজরায়েল-আমেরিকা সংঘাতের জেরে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার সরাসরি প্রভাব পড়তে চলেছে সোমবারের দালাল স্ট্রিটে। গিফট নিফটি (GIFT Nifty) ইতিমধ্য়েই একটি বড় ‘গ্যাপ-ডাউন’ ওপেনিংয়ের সঙ্কেত দিচ্ছে, যা দেখে দুশ্চিন্তায় লগ্নিকারীরা। শনিবার দুপুরের দিকে গিফট নিফটি প্রায় ২৭৪ পয়েন্ট বা ১.১১ শতাংশ কমে ২৪,৩০০ স্তরের আশেপাশে ঘোরাফেরা করছিল। সোমবার বাজার খুললে নিফটি এই গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন ধরে রাখতে পারবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে সংশয়।
মধ্যপ্রাচ্যের সংকটের জেরে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৯০-৯৫ ডলার ছাড়িয়ে যাওয়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশের ওপর প্রবল চাপ তৈরি হয়েছে। তেলের দাম বাড়লে পরিবহণ, সিমেন্ট ও পাওয়ার সেক্টরের সংস্থাগুলির উৎপাদন খরচ বাড়বে, যার নেতিবাচক প্রভাব পড়বে তাদের শেয়ারে। গত সপ্তাহেই নিফটি ৫০ এবং সেনসেক্স প্রায় ২.৯ শতাংশ করে পড়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যাঙ্ক নিফটি, যা প্রায় ৪.৫ শতাংশ ধস নামিয়ে ৫৭,৭৮৩ স্তরে বন্ধ হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, সোমবার যদি নিফটি ২৪,৩০০-র সাপোর্ট ভেঙে নিচে নামে, তবে পতন আরও গভীর হতে পারে। আপাতত বাজারের জন্য গুরুত্বপূর্ণ সাপোর্ট লেভেল ২৪,২০০ – ২৪,৩০০ এবং রেজিস্ট্যান্স লেভেল ২৪,৬০০ – ২৪,৭৫০। বিশ্ববাজারের এই অনিশ্চয়তার আবহে বিনিয়োগকারীদের এখন অত্যন্ত সতর্ক হয়ে পদক্ষেপ করার পরামর্শ দিচ্ছেন বাজার বিশেষজ্ঞরা।