মেঘের আড়ালে লুকিয়ে বৃষ্টি! চড়চড় করে বাড়ছে পারদ, তার মাঝেই ভিজবে বাংলা; কী জানাল হাওয়া অফিস?

মাঘ গেল, বসন্ত এল, কিন্তু বৃষ্টির দেখা মেলেনি। এমনকি খনার বচন মিথ্যে করে সরস্বতী পুজোতেও ভেজেনি বাংলা। তবে অপেক্ষার অবসান হতে চলেছে এবার। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনেই বৃষ্টির চাদরে ঢাকতে চলেছে তিলোত্তমা সহ গোটা রাজ্য। গত শনিবার থেকেই আকাশে মেঘের আনাগোনা জানান দিচ্ছিল কিছু একটা হতে চলেছে। রবিবার সকাল থেকেই সূর্যের প্রখর তেজ ঢেকেছে মেঘের আস্তরণ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই তালিকায় বাদ যাচ্ছে না কলকাতাও। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির স্থায়িত্ব কম হলেও উত্তরবঙ্গ কিন্তু অনেক বেশি ভিজতে চলেছে। উত্তরের জেলাগুলিতে আগামী টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। দুই দিনাজপুর ও মালদায় আবহাওয়া কিছুটা খামখেয়ালি থাকলেও বাকি জেলাগুলিতে টানা বৃষ্টি হতে পারে।
তবে স্বস্তির বৃষ্টির মাঝেও থাকছে অস্বস্তির খবর। বৃষ্টির রেশ কাটলেই আগামী চারদিন পর থেকে পারদ আরও ২ থেকে ৩ ডিগ্রি চড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। অর্থাৎ বৃষ্টি হলেও গরম থেকে পাকাপাকি মুক্তি এখনই মিলছে না। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এই বৃষ্টি হলেও তা এখনই কালবৈশাখীর রূপ নেবে না। মূলত বঙ্গোপসাগর থেকে আসা জলীয় বাষ্পের কারণেই এই অকাল বর্ষণের পরিস্থিতি তৈরি হয়েছে।