বিহারের রাজনীতিতে নতুন অধ্যায়! জেডিইউ-তে যোগ দিলেন নীতীশ-পুত্র নিশান্ত, বাবার অনুপস্থিতি ঘিরে জল্পনা

দীর্ঘ প্রতীক্ষিত জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনীতির আঙিনায় পা রাখলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমার। রবিবার পটনায় জেডিইউ (JDU) সদর দফতরে এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করলেন তিনি। নীতীশের রাজ্যসভা নির্বাচনে মনোনয়ন এবং ছেলের সক্রিয় রাজনীতিতে অভিষেক—এই দুই ঘটনাকে কেন্দ্র করে বিহারের রাজনৈতিক মহলে জোরালো জল্পনা শুরু হয়েছে যে, শীঘ্রই কি মুখ্যমন্ত্রীর গদি ছাড়তে চলেছেন নীতীশ?
অভিষেক অনুষ্ঠানে অনুপস্থিত মুখ্যমন্ত্রী: ছেলের রাজনৈতিক জীবনের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে অদ্ভুতভাবে অনুপস্থিত ছিলেন খোদ নীতীশ কুমার। তবে তাতে অনুষ্ঠানের জাঁকজমক কমেনি। দলের সর্বভারতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় কুমার ঝা, রাজ্য সভাপতি উমেশ সিং কুশওয়াহা এবং কেন্দ্রীয় মন্ত্রী রাজীব রঞ্জন সিং ওরফে লালন সিংয়ের হাত ধরে দলের সদস্যপদ গ্রহণ করেন নিশান্ত। লালন সিং নিজে নিশান্তকে দলের টুপি এবং উত্তরীয় পরিয়ে বরণ করে নেন। উপস্থিত ছিলেন মন্ত্রিসভার একাধিক সদস্য।
বাবার আদর্শই পাথেয়: যোগদানের পর নিশান্ত কুমার তাঁর সংক্ষিপ্ত ভাষণে বলেন, “আমরা সকলেই আমার বাবা নীতীশ কুমারের নির্দেশ মেনে কাজ করব। গত ২০ বছরে বাবা বিহারের জন্য যা করেছেন, তা মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়াই আমার প্রধান লক্ষ্য। একজন কর্মী হিসেবে আমি দলকে শক্তিশালী করতে চাই।” দলের নেতা-কর্মীদের মধ্যে এদিন “জয় নীতীশ, জয় নিশান্ত” স্লোগান ছিল আকাশছোঁয়া।
নতুন সমীকরণের ইঙ্গিত: দলে নিশান্তের ভূমিকা কী হবে, তা এখনও খোলসা করা না হলেও সূত্রের খবর, তাঁকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনও পদের দায়িত্ব দেওয়া হতে পারে। যোগদানের আগে এদিন মহাবীর মন্দিরে পুজো দেন এবং শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান নিশান্ত। পটনার রাস্তায় এদিন বাজি ফাটিয়ে ও আবির খেলে নীতীশ-পুত্রের যোগদান উৎসব পালন করেন জেডিইউ কর্মী-সমর্থকরা। রাজনীতির কারবারিদের মতে, বিহারে নীতীশ পরবর্তী যুগের প্রস্তুতি কি তবে আজ থেকেই শুরু হয়ে গেল?