বিস্ফোরণ কি কেবল সময়ের অপেক্ষা? “সঠিক সময় এলে বলব কেন ছেড়েছি পদ”, রাজভবন ছাড়ার পর প্রথম মুখ খুললেন বোস

আচমকা পদত্যাগ এবং তিনদিনের নীরবতা ভেঙে অবশেষে কলকাতায় মুখ খুললেন পশ্চিমবঙ্গের বিদায়ী রাজ্যপাল সিভি আনন্দ বোস। রবিবার কোচি থেকে দমদম বিমানবন্দরে নেমেই তাঁর ইস্তফা ঘিরে তৈরি হওয়া ধোঁয়াশা আরও উসকে দিলেন তিনি। জল্পনা ছিল তিনি দিল্লি গিয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দিয়েছেন, কিন্তু এদিন বোস স্পষ্ট জানান, “আমি কলকাতা থেকেই ইস্তফা দিয়েছি, দিল্লি থেকে নয়।”
কেন এমন আচমকা প্রস্থান? এই প্রশ্নের উত্তরে এক রহস্যময় হাসি নিয়ে বিদায়ী রাজ্যপাল বলেন, “যেকোনো জায়গায় প্রবেশ করলে প্রস্থান তো করতেই হয়। আমি বাংলার রাজ্যপাল হিসেবে ১২০০ দিন পূর্ণ করেছি। আমার মনে হয়েছে এটাই প্রস্থানের সঠিক সময়।” তবে পদত্যাগের নেপথ্যে থাকা আসল কারণটি এখনই খোলসা করতে নারাজ তিনি। তাঁর সাফ কথা, “সঠিক সময় না আসা পর্যন্ত ইস্তফার কারণ গোপনই থাকবে।”
বাংলার সঙ্গে তাঁর নাড়ির টান যে ছিন্ন হচ্ছে না, তাও বুঝিয়ে দিয়েছেন বোস। সদ্যই এ রাজ্যের ভোটার হওয়া প্রাক্তন এই রাজ্যপাল গর্বের সঙ্গে জানান, “আমি বাংলার গর্বিত ভোটার। আমি নিশ্চিতভাবে ভোট দিতে আসব এবং নিজের ভোটাধিকার নষ্ট হতে দেব না।” অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর উত্তরবঙ্গ সফরে প্রোটোকল ভঙ্গের বিতর্ক নিয়ে প্রশ্ন করা হলে তিনি অত্যন্ত কৌশলী অবস্থান নেন। রাষ্ট্রপতির অভিজ্ঞতা ও মর্যাদার কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি জানান, রাষ্ট্রপতি যা বলেছেন বা করেছেন, তা নিয়ে তাঁর মন্তব্য করার কোনো অধিকার নেই।