উত্তরাখণ্ডে হাড়হিম করা রাত! ট্যাক্সি চালকের লালসা থেকে বাঁচতে ফোন ছাড়াই রাতভর জঙ্গলে তরুণী

পর্যটনের ভূস্বর্গ উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে চরম বিভীষিকার মুখে পড়লেন দিল্লির এক তরুণী। এক ট্যাক্সি চালকের লালসার হাত থেকে সম্ভ্রম বাঁচাতে জখম অবস্থায় রাতভর অন্ধকার জঙ্গলে লুকিয়ে কাটালেন ওই পর্যটক। শুক্রবার সকালে লোকালয়ে পৌঁছে পুলিশকে সমস্ত ঘটনা জানানোর পর অবশেষে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩১ বছর বয়সি ওই তরুণী বৃহস্পতিবার দিল্লি থেকে কাঠগোদাম হয়ে নৈনিতাল যাচ্ছিলেন। রাত ১টা ৩০ মিনিট নাগাদ নির্জন রাস্তায় গাড়ি থামিয়ে চালক দীপক সিং বোরা তরুণীর মোবাইল কেড়ে নেয় এবং তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। অভিযোগ, এরপরই ওই চালক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে। প্রাণ বাঁচাতে এবং সম্ভ্রম রক্ষার্থে ওই মহিলা ট্যাক্সি থেকে নেমে পাশের গভীর জঙ্গলের দিকে দৌড় লাগান। ফোন না থাকায় কারও সঙ্গে যোগাযোগ করাও সম্ভব ছিল না তাঁর পক্ষে। হাড়কাঁপানো ঠান্ডায় হিংস্র পশুর ভয় উপেক্ষা করেই শুধু প্রাণ বাঁচাতে সারা রাত জঙ্গলের আড়ালে লুকিয়ে থাকেন তিনি।

শুক্রবার ভোরে কোনওরকমে জঙ্গল থেকে বেরিয়ে স্থানীয় একটি গ্রামে পৌঁছান ওই তরুণী। গ্রামবাসীদের সহায়তায় পুলিশে অভিযোগ দায়ের করা হয়। পুলিশ জিপিএস ট্র্যাকিং ও সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দ্রুত অভিযুক্ত দীপক সিং বোরাকে গ্রেফতার করেছে। উদ্ধার হয়েছে তরুণীর মোবাইল ফোনটিও। এই ঘটনা উত্তরাখণ্ডে ঘুরতে আসা মহিলা পর্যটকদের নিরাপত্তা নিয়ে ফের বড়সড় প্রশ্ন তুলে দিল।