রাষ্ট্রপতিকে আক্রমণ নয়! চন্দ্রিমাকে থামিয়ে বড় বার্তা মমতার, ড্যামেজ কন্ট্রোলে কি এবার নিজেই নামছেন নেত্রী?

রাষ্ট্রপতির উত্তরবঙ্গ সফরকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত যখন চরমে, তখনই অত্যন্ত সতর্ক অবস্থান নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চে বক্তব্য রাখছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট এবং রাষ্ট্রপতির মন্তব্যের রেশ টেনে চন্দ্রিমা যখনই কিছু বলতে শুরু করেন, তখনই তাঁকে মাঝপথে থামিয়ে দেন মুখ্যমন্ত্রী। মমতা স্পষ্ট জানিয়ে দেন, “চন্দ্রিমা, এ ব্যাপারে কোনো কমেন্টস করবে না। রাষ্ট্রপতিকে অ্যাটাক করে কেউ কোনো কথা বলবে না।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়ে দলের অন্য নেতাদের আলটপকা মন্তব্য যাতে ভোটের মুখে বিজেপির হাতে নতুন কোনো রাজনৈতিক অস্ত্র তুলে না দেয়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। শিলিগুড়ির অনুষ্ঠানে রাষ্ট্রপতির “অভিমানী” মন্তব্যের পর বিজেপি যখন ‘আদিবাসী ভাবাবেগ’ নিয়ে সুর চড়াচ্ছে, তখন মমতা নিজেই ফ্রন্টফুটে এসে লড়াই সামলাতে চাইছেন। চন্দ্রিমাকে থামিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মাননীয়া রাষ্ট্রপতির কোনো দোষ নেই। যা বলার আমি বলব। অনেক মিসইন্টারপ্রিটেশন হচ্ছে, তার জবাব আমিই দেব।” আসলে রাষ্ট্রপতি পদের সম্মান বজায় রেখেও রাজনীতির লড়াই কীভাবে লড়তে হয়, দলের নেতাদের সেই পাঠই দিলেন তৃণমূল নেত্রী।