সুস্থ নারী মানে সুস্থ রাজ্য, বন্ধ্যাত্ব দূরীকরণ সংস্থার সূচনায় বার্তা চিকিৎসকদের 25 জন

আন্তর্জাতিক নারী দিবসের পুণ্যলগ্নে মাতৃত্বের স্বাদবঞ্চিত মহিলাদের জন্য আশার আলো নিয়ে এল ‘প্লুরো ফার্টিলিটি অ্যান্ড আইভিএফ’ (Pluro Fertility & IVF)। রবিবার কলকাতার বুকে আনুষ্ঠানিকভাবে এই বিশ্বমানের বন্ধ্যাত্ব দূরীকরণ সংস্থার পথচলা শুরু হলো। দেশের ২৫ জন স্বনামধন্য চিকিৎসকের হাত ধরে তৈরি এই সংস্থার মূল লক্ষ্য হলো স্বচ্ছতা বজায় রেখে এবং সাশ্রয়ী মূল্যে আধুনিক ‘ইন ভিটরো ফার্টিলাইজেশন’ বা আইভিএফ চিকিৎসা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট চিকিৎসক ডা. দিব্যেন্দু বন্দ্যোপাধ্যায় বলেন, “নারীর স্বাস্থ্য একটি দেশের স্বাস্থ্যের দর্পণ। সুস্থ নারী মানেই সুস্থ পরিবার এবং সুস্থ রাজ্য।” তিনি আরও জানান, বর্তমানে আইভিএফ নিয়ে বাজারে অনেক ভুল ধারণা ও অতিরিক্ত খরচের প্রবণতা রয়েছে। সেই সংস্কৃতি বদলাতেই একজোট হয়েছেন ডা. জয়দীপ ট্যাঙ্ক, ডা. পরীক্ষিত ট্যাঙ্ক, ডা. ভাস্কর শাহ, ডা. বাসব মুখোপাধ্যায় সহ দেশের একঝাঁক বিশেষজ্ঞ। তাঁদের প্রতিশ্রুতি, অনেক বেসরকারি হাসপাতালের মতো এখানে কোনো লুকানো খরচ থাকবে না। পশ্চিমবঙ্গ দিয়ে যাত্রা শুরু করলেও আগামী তিন বছরে সারা ভারতে ১০০টি সেন্টার খোলার পরিকল্পনা রয়েছে এই চিকিৎসক-মালিকানাধীন সংস্থার। বাংলার প্রথম সেন্টার হিসেবে কাজ শুরু করছে ‘অঙ্কুরণ প্লুরো’। মাতৃত্বের পথে আর্থিক ও মানসিক বাধাকে দূরে সরিয়ে দেওয়াই এখন চিকিৎসকদের প্রধান লক্ষ্য।