রাষ্ট্রপতি দাঁড়িয়ে, মোদী বসে! পিআইবি-র ছবি দেখিয়ে বিজেপির মুখোশ খুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

“আজ তো কেবল ট্রেলার দেখালাম, আসল সিনেমাটা দেখাব মে মাসে!” রবিবার দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুরের গোপীনাথপুরে জনসভা থেকে এই ভাষাতেই বিজেপি নেতৃত্বকে সরাসরি যুদ্ধের চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাষ্ট্রপতিকে ঘিরে চলা বিতর্ক থেকে শুরু করে এসআইআর (SIR) ইস্যু— প্রতিটি বিষয়েই এদিন আক্রমণাত্মক মেজাজে ধরা দিলেন তিনি।
রাষ্ট্রপতিকে অসম্মানের পাল্টা অভিযোগে একটি ছবি প্রদর্শন করেন অভিষেক। তিনি দাবি করেন, সরকারি সংস্থা পিআইবি-র পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বসে আছেন এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দাঁড়িয়ে। ছবিটি দেখিয়ে অভিষেকের প্রশ্ন, “আসল অপমানটা কে করছে? আমরা না প্রধানমন্ত্রী?” মণিপুর ইস্যু টেনে তিনি আরও বলেন, মাসের পর মাস মণিপুর জ্বললেও রাষ্ট্রপতিকে একটিও বিবৃতি দিতে দেখা যায়নি।
এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর ছেলের বিসিসিআই এবং আইসিসি-তে পদ পাওয়া নিয়ে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “কোন অগ্নিপরীক্ষা দিয়ে জয় শাহ এই পদে পৌঁছেছেন?” পাশাপাশি বিজেপির রথযাত্রাকে ‘বিসর্জন যাত্রা’ বলে ব্যঙ্গ করে তিনি দাবি করেন, দক্ষিণ ২৪ পরগনায় বিজেপির পতাকা ধরার লোকও মিলবে না। এসআইআর ইস্যুতে ভোটার তালিকায় ৬০ লক্ষ মানুষের নাম ‘বিচারাধীন’ থাকা নিয়ে সরব হয়ে তিনি বলেন, বিজেপি আসলে নিজেদের রাজনৈতিক কবর নিজেরাই খুঁড়ছে। কর্মীদের উদ্দেশে তাঁর কড়া নির্দেশ, মে মাসে ভোটের ময়দানে প্রতিরোধের মাধ্যমেই বিজেপিকে যোগ্য জবাব দিতে হবে।