নারী দিবসেও রাজপথে লড়াই! গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে ধর্নামঞ্চে হাতা-খুন্তি নিয়ে সরব মমতা

আন্তর্জাতিক নারী দিবসে একদিকে যেমন রাজ্যের নারীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে সরব হলেন রাজপথে। রবিবার ধরনার তৃতীয় দিনে মেট্রো চ্যানেলের মঞ্চ থেকে তিনি যেমন নারীশক্তির প্রশংসা করলেন, তেমনই কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে।

সামাজিক মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে মুখ্যমন্ত্রী রাজ্যের নারীকল্যাণ প্রকল্পগুলোর কথা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, লক্ষ্মীর ভাণ্ডারসহ বিভিন্ন উদ্যোগের সুফল পাচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা। তবে নারী দিবসের আনন্দ ছাপিয়ে এদিন মুখ্যমন্ত্রীর কণ্ঠে উঠে এল সাধারণ মানুষের দৈনন্দিন কষ্টের কথা। তিনি বলেন, “গ্যাস নেই, কেরোসিনও নেই। তাই এখন মাটির উনুনই ফিরে এসেছে আমার ছোট কুটিরে।”

এসআইআর-এর প্রতিবাদে শুক্রবার থেকে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার তৃতীয় দিনেও তাঁর ধর্না অব্যাহত। এদিন মঞ্চ থেকেই তিনি রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে বলেন, “আজ আন্তর্জাতিক নারী দিবস। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।”

এদিকে, মুখ্যমন্ত্রীর ধর্নার সমর্থনে পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। গ্যাসের দামবৃদ্ধির প্রতিবাদে কালো শাড়ি পরে পথে নামেন মন্ত্রী শশী পাঁজা ও চন্দ্রিমা ভট্টাচার্য। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে এসে তাঁরা মুখ্যমন্ত্রীর ধর্নামঞ্চে যোগ দেন। সেখানে হাতা-খুন্তি বাজিয়ে তাঁরা কেন্দ্র সরকারের রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। এই মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায় এবং বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়। নারী দিবসে নারী অধিকার রক্ষা ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এই দ্বিমুখী লড়াইকে কেন্দ্র করেই রবিবার উত্তপ্ত হয়ে ওঠে তিলোত্তমার রাজনীতি।