SSC পরীক্ষার্থীদের চোখের জল! ট্রেন বাতিলে রণক্ষেত্র স্টেশন, জীবনের বড় পরীক্ষায় কি বসতে পারবেন লক্ষাধিক ছাত্র?

রাজ্যজুড়ে আজ স্কুল সার্ভিস কমিশনের (SSC) গ্রুপ-ডি নিয়োগ পরীক্ষা। প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা আজ। কিন্তু সেই মাহেন্দ্রক্ষণেই বিভ্রাট! পূর্ব রেলের হাওড়া ও বর্ধমান ডিভিশনে লোকাল ট্রেন বাতিলের জেরে কার্যত কান্নায় ভেঙে পড়েছেন কয়েক হাজার পরীক্ষার্থী। অভিযোগ উঠছে, যেখানে কয়েক মাস আগে থেকে পরীক্ষার দিন স্থির ছিল, সেখানে রেল কেন একই দিনে রক্ষণাবেক্ষণের কাজ (Block) রাখল?
ভোর থেকে দুর্ভোগ: পরীক্ষা শুরু দুপুর ১২টা থেকে। অনেক পরীক্ষার্থীই দূর-দূরান্ত থেকে আসার জন্য ভোর সাড়ে ৬টা বা ৭টায় বাড়ি থেকে বেরিয়েছেন। কিন্তু স্টেশনে এসে তাঁরা দেখেন একের পর এক লোকাল ট্রেন বাতিল। ব্যান্ডেল, বর্ধমান ও ডানকুনি শাখায় ট্রেন চলাচল অনিয়মিত হওয়ায় বিকল্প পথ হিসেবে বাস বা ছোট গাড়ির দিকে ছুটছেন ছাত্রছাত্রীরা। কিন্তু সেখানেও তিল ধারণের জায়গা নেই। ফলে অনেকেই সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছাতে পারবেন কি না, তা নিয়ে ঘোর অনিশ্চয়তা তৈরি হয়েছে।
পরীক্ষার্থীদের ক্ষোভ: স্টেশনে দাঁড়িয়ে এক পরীক্ষার্থী আক্ষেপ করে বলেন, “রেলের কি কাণ্ডজ্ঞান নেই? আজ কয়েক লক্ষ বেকার যুবক-যুবতীর পরীক্ষা। অন্তত আজকের দিনটা তো ব্লক এড়ানো যেত।” অন্য এক ছাত্রের বক্তব্য, “ট্রেন চলছে না, যা চলছে তাও আধ ঘণ্টা-এক ঘণ্টা দেরিতে। একটা ট্রেনের আশায় বসে থাকলে আজ আর পরীক্ষা দেওয়া হবে না।” ভিন রাজ্য থেকেও প্রায় ৪ হাজার পরীক্ষার্থী এসেছেন, যাদের অবস্থা আরও শোচনীয়।
রেল সূত্রে যদিও জানানো হয়েছে, সুরক্ষার খাতিরেই এই কাজ জরুরি ছিল। কিন্তু পরীক্ষার্থীদের প্রশ্ন, এই ‘জরুরি’ কাজের খেসারত কি তাঁদের কেরিয়ার দিয়ে মেটাতে হবে?