বিজেপি-র ভোট চুরির ব্লু-প্রিন্ট ধরে ফেলেছে বিএলএ-রা! ধর্মতলায় দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক বন্দ্যোপাধ্যায়

ভোটার তালিকায় ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’ বা যুক্তিসঙ্গত অসঙ্গতির দোহাই দিয়ে বাংলার মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার এক গভীর ষড়যন্ত্র চলছে। শুক্রবার ধর্মতলার মেট্রো চ্যানেলে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে এভাবেই বিজেপি ও নির্বাচন কমিশনকে তুলোধোনা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, প্রায় ৬০ লক্ষ নাম বাদ দেওয়া এবং আরও ৬০ লক্ষ নাম ‘বিবেচনাধীন’ রাখার মাধ্যমে আসলে ১.২৪ কোটি মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষা হয়েছে।
অভিষেক এদিন মঞ্চ থেকে সরাসরি প্রশ্ন তোলেন, “যদি সাধারণ মানুষের নাম বছরের পর বছর ধরে ‘বিবেচনাধীন’ থাকে, তবে দেশের প্রধানমন্ত্রীও কেন বিবেচনাধীন তালিকায় থাকবেন না?” তিনি আরও জানান যে, এই একই প্রক্রিয়া বিহারে হয়নি, শুধুমাত্র বাংলাতেই কেন করা হচ্ছে? নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করে তিনি বলেন, “আপনি মনোনীত, আমরা নির্বাচিত। আমাদের আঙুল দেখিয়ে লাভ নেই।” অভিষেক সাফ জানিয়েছেন, তৃণমূলের বুথ লেভেল এজেন্টরা (BLA-2) ইতিমধ্যেই এই কারচুপি ধরে ফেলেছেন এবং সমস্ত নথিপত্র আদালতে জমা দেওয়া হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই একমাত্র নেত্রী যিনি সাধারণ নাগরিকের অধিকার রক্ষায় নিজে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে সওয়াল করেছেন—এই বার্তাও এদিন জনসমক্ষে তুলে ধরেন অভিষেক।