আদালতকেও পাত্তাই দেননি! এবার শিক্ষা দিতে কড়া সুপ্রিম কোর্ট, স্বামীর বেতন থেকে সোজা স্ত্রীর অ্যাকাউন্টে যাবে টাকা

নিজের চার বছরের নাবালিকা সন্তানের প্রতি চরম উদাসীনতা ও আদালতের অবমাননার দায়ে এক ব্যক্তির বিরুদ্ধে নজিরবিহীন কঠোর পদক্ষেপ নিল দেশের সর্বোচ্চ আদালত। ডিভোর্সের পর মেয়ের ভরণপোষণের দায়িত্ব এড়িয়ে যাওয়ায় অভিযুক্ত বাবার বেতন থেকেই প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে সরাসরি স্ত্রীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি জে বি পর্দিওয়ালা এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ এই কড়া রায় শুনিয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সাল থেকে ওই দম্পতি আলাদা থাকছিলেন এবং মা একাই সন্তানের দেখাশোনা করছিলেন। মা অভিযোগ করেন, গত কয়েক বছরে ওই ব্যক্তি একবারও মেয়েকে দেখতে আসেননি এবং কোনও আর্থিক সাহায্যও করেননি। এর আগে ম্যাজিস্ট্রেট আদালত বকেয়া-সহ ১.৩৮ লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিলেও তা মানেননি ওই ব্যক্তি। সুপ্রিম কোর্ট মধ্যস্থতার জন্য যাতায়াত খরচ হিসেবে ২৫ হাজার টাকা এবং পরবর্তীতে আরও ২.৫ লক্ষ টাকা জমা দেওয়ার নির্দেশ দিলেও তিনি তা কর্ণগোচর করেননি। ওই ব্যক্তি নিজের আর্থিক অনটনের অজুহাত দিলেও আদালতের নজরে আসে যে তাঁর মাসিক আয় প্রায় ৫০ হাজার টাকা। শেষ পর্যন্ত শীর্ষ আদালত সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিয়েছে, ওই ব্যক্তির বেতন থেকে প্রতি মাসে ২৫ হাজার টাকা কেটে সরাসরি বিচ্ছিন্না স্ত্রীর অ্যাকাউন্টে জমা করতে হবে।