কোচবিহার-কলকাতা উড়ান ফের চালু, তবু শহরবাসী ক্ষুব্ধ; জেনেনিন কেন?

দীর্ঘ ২১ দিনের প্রতীক্ষার অবসান। উত্তরবঙ্গের আকাশ থেকে মেঘ কাটল, বৃহস্পতিবার ফের ডানা মেলল কোচবিহার বিমানবন্দরের বিমান পরিষেবা। কিন্তু রানওয়েতে চাকার দাগ পড়লেও কোচবিহারবাসীর মনের দুশ্চিন্তার মেঘ কাটছে না। কারণ, যে পরিষেবা প্রতিদিন হওয়ার কথা ছিল, তা এখন এসে ঠেকেছে সপ্তাহে মাত্র এক দিনে!
প্রতিশ্রুতির ‘লুকোচুরি’ খেলায় ক্ষুব্ধ সাধারণ মানুষ
এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) নিয়ম অনুযায়ী, গত ৫ মার্চ থেকেই কোচবিহার-কলকাতা রুটে প্রতিদিন বিমান চলাচল স্বাভাবিক হওয়ার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার বিমানবন্দর আধিকারিক শুভাশিস পাল এক চাঞ্চল্যকর তথ্য সামনে এনেছেন। তিনি জানান, “চলতি মাসে আপাতত সপ্তাহে মাত্র এক দিন করেই বিমান চলবে। প্রতিদিন পরিষেবা কবে থেকে শুরু হবে, সে বিষয়ে সংস্থাটি নির্দিষ্ট করে কিছুই জানায়নি।”
এই অনিশ্চয়তার জেরে ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে নিত্যযাত্রীরা। তাঁদের দাবি, পরিষেবা যদি ‘আজ আছে, কাল নেই’ অবস্থায় থাকে, তবে মানুষ কেন ভরসা করবে?
ফাঁকা আসন, অনিশ্চিত ভবিষ্যৎ?
পরিষেবার এই অনিয়মের সরাসরি প্রভাব পড়েছে টিকিটের চাহিদায়। বৃহস্পতিবারের পরিসংখ্যান অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে:
-
কলকাতা থেকে কোচবিহার: ৯টি আসনের মধ্যে যাত্রী ছিলেন মাত্র ৬ জন।
-
কোচবিহার থেকে কলকাতা: ফেরার পথে যাত্রী সংখ্যা আরও কমে দাঁড়ায় মাত্র ৩-এ!
অধিকাংশ আসন খালি পড়ে থাকায় এই রুটের ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, যাত্রীরা পরিষেবার নিশ্চয়তা পাচ্ছেন না বলেই মুখ ফিরিয়ে নিচ্ছেন। নিয়ম করে প্রতিদিন বিমান চললে যাত্রী সংখ্যা ফের বাড়বে বলেই তাঁদের বিশ্বাস।
শহরের বাসিন্দাদের অভিযোগ: “কাজের প্রয়োজনে যাদের নিয়মিত কলকাতা যাতায়াত করতে হয়, তারা এই অনিশ্চয়তার ঝুঁকি নিতে চান না। ৩ সপ্তাহ বন্ধ থাকার পর সপ্তাহে ১ দিন বিমান চললে সাধারণ মানুষের কোনো লাভ হবে না। এভাবে চললে বিমানবন্দরটি কেবল নামেই থেকে যাবে।”
ধাক্কা খাচ্ছে পর্যটন ও বাণিজ্য
কোচবিহারের পর্যটন এবং বাণিজ্যের প্রসারের জন্য এই বিমান পরিষেবা ছিল তুরুপের তাস। কিন্তু বারবার যান্ত্রিক গোলযোগ আর সংস্থার অভ্যন্তরীণ সমস্যার দোহাই দিয়ে পরিষেবা বিঘ্নিত হওয়ায় মুখ থুবড়ে পড়ছে স্থানীয় অর্থনীতি। এখন দেখার, চলতি মাসের শেষে দেওয়া প্রতিশ্রুতি মতো সংস্থাটি প্রতিদিন বিমান চালাতে পারে কি না।