ফুল ধুয়ে দেবতাকে অর্পণ কি ঘোর পাপ? জেনে নিন শাস্ত্রের অমোঘ নিয়ম

হিন্দু ধর্মে পুজোর উপাচারে পুষ্প বা ফুল অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুষ্প ছাড়া আরাধনা অসম্পূর্ণ। কিন্তু আমরা কি জানি, যে ফুল দিয়ে আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তা সঠিক পদ্ধতিতে দেওয়া হচ্ছে কি না? অনেকেই শুদ্ধ করার জন্য বাজার থেকে কেনা বা বাগান থেকে তোলা ফুল জলে ধুয়ে নেন। কিন্তু শাস্ত্রীয় মতে, এই ছোট অভ্যাসটিই আপনার পুজোর পুণ্য কেড়ে নিতে পারে।

কেন পুজোর ফুল ধোয়া নিষিদ্ধ? জ্যোতিষশাস্ত্র এবং পুরাণ মতে, ফুল প্রকৃতির এক অনন্য দান এবং এটি নিজে থেকেই পরম পবিত্র বা শুদ্ধ। আপনি যখনই কোনো ফুলকে জলে ডোবাচ্ছেন, তখন শাস্ত্রীয় বিচারে সেই ফুলটি ‘জলদেবতা’র উদ্দেশ্যে অর্পণ করা হয়ে যায়। একবার কোনো দেবতার উদ্দেশ্যে অর্পণ করা সামগ্রী অন্য কোনো দেবতাকে নিবেদন করা শাস্ত্রবিরুদ্ধ এবং একে ‘উচ্ছিষ্ট’ বা অশুদ্ধ মনে করা হয়। তাই ভক্তিভরে ফুল ধুয়ে দিলেও, আধ্যাত্মিক বিচারে তা দেবতাদের গ্রহণের অযোগ্য হয়ে পড়ে।

ব্যতিক্রমী কিছু নিয়ম সব ফুল বা পাতার ক্ষেত্রে এই নিয়ম এক নয়। শাস্ত্র অনুযায়ী, তুলসী পাতা, দূর্বা, পদ্ম, বেলপাতা, চাঁপা ও মালতী ফুল বাসি হলেও বা ধুয়ে ব্যবহার করলে তার পবিত্রতা নষ্ট হয় না। বরং এই নির্দিষ্ট ফুল ও পাতাগুলি দীর্ঘ সময় শুদ্ধ থাকে।

শিউলি ফুলের বিশেষ মাহাত্ম্য সাধারণত মাটিতে পড়া ফুল দেবতার চরণে দেওয়া হয় না। কিন্তু শিউলি ফুলের ক্ষেত্রে নিয়ম আলাদা। শিউলি গাছ থেকে ঝরে মাটিতে পড়লেও তা অশুদ্ধ হয় না। তবে মনে রাখবেন, শিউলি ফুলও যদি আপনি জলে ধুয়ে ফেলেন, তবে দেবতারা সেই অর্ঘ্য গ্রহণ করেন না।

কিছু জরুরি সতর্কতা:

  • গাছ থেকে ফুল তোলার পর তা সরাসরি ব্যবহার করাই শ্রেষ্ঠ।

  • মাটিতে পড়ে থাকা (শিউলি ছাড়া), পোকা ধরা বা পাপড়ি শুকিয়ে যাওয়া ফুল ভুলেও ব্যবহার করবেন না।

  • একদিনের পুরনো বা বাসি ফুল সাধারণত বর্জনীয়। তবে বিশেষ কিছু ক্ষেত্রে বাসি ফুল ধুয়ে ব্যবহারের বিধান রয়েছে।

  • পুজো শেষে ব্যবহৃত ফুল যত্রতত্র বা ডাস্টবিনে ফেলবেন না। এতে দেবতার অপমান হয়। বিসর্জনের ফুল নদীর জলে ভাসিয়ে দিন অথবা গাছের গোড়ায় মাটি চাপা দিয়ে দিন।

ভক্তি আর নিষ্ঠার সাথে শাস্ত্রীয় নিয়ম মেনে চললে তবেই পুজোর পূর্ণ ফল লাভ করা সম্ভব। তাই পরের বার পুজোয় বসার আগে ফুলের শুদ্ধতা নিয়ে এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখুন।