আলুর দমে আনুন আচারের টুইস্ট! সাধারণ উপকরণে অসাধারণ স্বাদের জাদু, আঙুল চাটবে সবাই

বাড়িতে নিরামিষের দিন মানেই সেই চেনা আলুর দম? খেতে খেতে মুখে চড়া পড়ে গেলে এবার স্বাদে আনুন একটু বদল। আচারের টক-ঝাল-মিষ্টি স্বাদে ভরপুর ‘আচারি আলুর দম’ (Achari Alur Dom) খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন আপনি। রুটি, লুচি বা পরোটার সঙ্গে এই পদটি জাস্ট জমে যাবে। দেখে নিন সহজ রেসিপি।

উপকরণ:
আলু (১০-১২টি), টক দই (আধ কাপ), আচারের তেল (দেড় টেবিল চামচ), আদাবাটা (১ টেবিল চামচ), কাশ্মীরি লঙ্কা গুঁড়ো (১ টেবিল চামচ), চেরা কাঁচালঙ্কা (৪-৫টি), এক চিমটে হিং, হলুদ (আধ চা চামচ), ধনে গুঁড়ো (১ টেবিল চামচ), ধনেপাতা কুচি, চিনি (সামান্য), তেজপাতা, শুকনো লঙ্কা এবং ফোড়নের জন্য গোটা জিরে, মৌরি ও গোটা সর্ষে।

প্রস্তুত প্রণালী:
প্রথমে আলু নুন দিয়ে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। এবার কড়াইয়ে সর্ষের তেল দিয়ে আলুগুলো হালকা লালচে করে ভেজে তুলে রাখুন। একটি পাত্রে টক দই, হিং, আচারের তেল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও ধনে গুঁড়ো দিয়ে একটা মসৃণ মিশ্রণ তৈরি করে নিন।

কড়াইয়ের অবশিষ্ট তেলে শুকনো লঙ্কা, সর্ষে, জিরে ও মৌরি ফোড়ন দিন। সুন্দর গন্ধ বেরোলে আদা বাটা দিয়ে নাড়ুন। এবার আঁচ একেবারে কমিয়ে দইয়ের মিশ্রণটি দিয়ে দিন। ৫ মিনিট ভালো করে কষানোর পর ভাজা আলুগুলো দিয়ে নাড়াচাড়া করুন। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সামান্য চিনি, নুন, ধনেপাতা ও চেরা কাঁচালঙ্কা দিয়ে দিন। প্রয়োজনে সামান্য গরম জল দিতে পারেন, তবে এই রান্নাটি একটু মাখো মাখো হবে। ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন চটপটা আচারি আলুর দম।