ইংল্যান্ড বধের রাতে রেকর্ডের দোরগোড়ায় হার্দিক পাণ্ড্য, কোহলি-রোহিতদের এলিট ক্লাবে ঢোকার অপেক্ষা

মুম্বইয়ের মায়ানগরীতে আজ যখন ভারত-ইংল্যান্ড হাইভোল্টেজ সেমিফাইনাল শুরু হবে, তখন গোটা বিশ্বের নজর থাকবে টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যর ওপর। কেবল ভারতের জয় নয়, আজ ওয়াংখেড়ে স্টেডিয়ামে হার্দিকের সামনে রয়েছে একটি বিশেষ ব্যক্তিগত ইতিহাস গড়ার হাতছানি। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ভারতের অন্যতম সফল এই ক্রিকেটার আজ ব্যাট হাতে নামলেই ভেঙে দিতে পারেন কেএল রাহুলের রেকর্ড।
হার্দিক পাণ্ড্য ইতিমধ্যেই বল হাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শতাধিক উইকেট নেওয়ার গৌরব অর্জন করেছেন। পাশাপাশি ১৩৬টি ম্যাচে তাঁর সংগ্রহ ২২৪৩ রান। পরিসংখ্যান বলছে, আজ ইংল্যান্ডের বিরুদ্ধে আর মাত্র ২৩টি রান করতে পারলেই তিনি টপকে যাবেন কেএল রাহুলকে (২২৬৫ রান)। এর ফলে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতের চতুর্থ সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে নিজের নাম খোদাই করবেন হার্দিক। তখন তাঁর সামনে থাকবেন কেবল বিরাট কোহলি, রোহিত শর্মা এবং বর্তমান অধিনায়ক সূর্যকুমার যাদব।
সেমিফাইনালে হার্দিকের বিশেষ প্রস্তুতি: এই মেগা সেমিফাইনালের আগে নিজেকে নিংড়ে দিচ্ছেন হার্দিক। মঙ্গলবার রাতের প্র্যাকটিস সেশনে টানা তিন ঘণ্টা ধরে ‘রেঞ্জ হিটিং’ বা বড় ছক্কা মারার অনুশীলন করেছেন তিনি। ওয়াংখেড়ে হার্দিকের দীর্ঘদিনের পরিচিত মাঠ, যেখানে তাঁর আইপিএল অভিজ্ঞতাই ভারতের বড় ভরসা। গত ২০২২ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে হার্দিক ৩৩ বলে ৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। যদিও সেই ম্যাচে ভারত হেরেছিল, তবে আজকের প্রেক্ষাপট সম্পূর্ণ আলাদা।
পুরনো হিসাব মেটানোর লড়াই: ভারত ও ইংল্যান্ড এই নিয়ে টানা তৃতীয়বার টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে। ২০২২ সালে ১০ উইকেটে হারের জ্বালা ভারত মিটিয়েছিল ২০২৪-এর সেমিফাইনালে ব্রিটিশদের ৬৮ রানে চূর্ণ করে। আজ ২০২৬-এর সেমিফাইনালে দু’দলই দাঁড়িয়ে সমানে সমানে। একদিকে হার্দিকের সামনে ব্যক্তিগত রেকর্ডের হাতছানি, অন্যদিকে ভারতকে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে তোলার গুরুদায়িত্ব। এখন দেখার, ওয়াংখেড়ের গ্যালারি আজ হার্দিক-গর্জনে কতটা প্রকম্পিত হয়।