১ ডলারে ৯১ টাকা! সোনা থেকে পেট্রোল—সবই আগুন, যুদ্ধের কোপে পকেটে টান আমজনতার

মধ্যপ্রাচ্যের রণাঙ্গন এবার সরাসরি হানা দিল সাধারণ মানুষের পকেটে। ইরান বনাম আমেরিকা-ইজরায়েল সংঘাতের জেরে বিশ্ববাজারে সোনা, রুপো এবং অপরিশোধিত তেলের দামে কার্যত আগুন লেগেছে। পরিস্থিতি এতটাই জটিল যে, বিনিয়োগকারীরা এখন ঝুঁকি এড়াতে সোনাকেই ‘সেফ হেভেন’ হিসেবে বেছে নিচ্ছেন।

আকাশছোঁয়া সোনা ও রুপো: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) সোনার দাম এক ঐতিহাসিক উচ্চতায় পৌঁছেছে। বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ৬২ হাজার ১৮ টাকা। পিছিয়ে নেই রুপোও, প্রতি কেজিতে দাম ১.৫০ শতাংশ বেড়ে হয়েছে ২ লক্ষ ৬৯ হাজার ৫৫১ টাকা। দিনের শুরুতে রুপোর দাম ৩.৩ শতাংশ লাফ দিলেও পরে কিছুটা সংশোধন হয়।

জ্বালানি সংকট ও টাকার পতন: হরমুজ প্রণালীতে উত্তেজনার জেরে তেলের সরবরাহ বিঘ্নিত হওয়ায় ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুডের দাম ৮৩.২৬ ডলারে পৌঁছেছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় মুদ্রার ওপর। ১ ডলারের বিপরীতে টাকার দাম কমে দাঁড়িয়েছে ৯১ টাকা ৬৫ পয়সা। অর্থাৎ আন্তর্জাতিক বাণিজ্যে ভারতের খরচ এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল।

ভারতের দোরগোড়ায় যুদ্ধের আঁচ: সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, আমেরিকার সাবমেরিন হামলায় শ্রীলঙ্কা উপকূলের কাছে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার খবর। এর ফলে যুদ্ধ এখন ভারতের একদম কাছে চলে এসেছে। বাজার বিশেষজ্ঞরা সতর্ক করছেন, জ্বালানির এই দাম বৃদ্ধি সারা বিশ্বে ভয়াবহ মুদ্রাস্ফীতি ডেকে আনতে পারে।