“রং খেলার দিন মুখোশ পরে হামলা”-প্রেমিকের সামনেই স্ত্রীকে খুন করলো স্বামী

উৎসবের সকালে রঙের বদলে ঝরল রক্ত! উত্তরপ্রদেশের শাহজাহানপুরে হোলির দিনই ঘটে গেল এক হাড়হিম করা হত্যাকাণ্ড। লিভ-ইন পার্টনারের সঙ্গে থাকাকালীন প্রাক্তন স্ত্রীর ওপর ধারালো অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল এক ব্যক্তি। এই নারকীয় হামলায় ৩১ বছর বয়সী আরতি নামে এক মহিলার মৃত্যু হয়েছে। গুরুতর জখম হয়েছেন তাঁর বর্তমান প্রেমিক ও এক সঙ্গী।

রঙ খেলার নামে ঘরে ঢুকে তাণ্ডব ঘটনাটি ঘটেছে বুধবার সকালে চক কোতোয়ালি থানার বালাজি নগর কলোনিতে। মৃত আরতির প্রেমিক ব্রজদীপের দাবি, বুধবার সকাল ৬টা নাগাদ আচমকাই বাড়িতে আসে আরতির প্রাক্তন স্বামী মনমোহন পান্ডে। মুখে মাস্ক পরে থাকায় কেউ তাকে চিনতে পারেনি। ‘হোলি হ্যায়’ বলে রঙ খেলার অছিলায় বাড়ির দরজা খুলিয়েই সে তাণ্ডব শুরু করে।

খুন ও অ্যাসিড হামলা অভিযোগ, ঘরে ঢুকেই ধারালো অস্ত্র দিয়ে আরতির ওপর এলোপাথাড়ি কোপ মারতে শুরু করে মনমোহন। বাধা দিতে গেলে প্রেমিক ব্রজদীপের ওপর অ্যাসিড ছুঁড়ে মারে সে। পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, দেখে আরতির রক্তাক্ত দেহ উঠোনে পড়ে রয়েছে এবং দূরে যন্ত্রণায় ছটফট করছেন আরও দুই যুবক। হাসপাতালে নিয়ে যাওয়া হলে আরতিকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।

টানাপোড়েনের অতীত তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, আরতি ও মনমোহনের দীর্ঘদিনের বিবাহিত জীবন ছিল। তাঁদের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে সম্প্রতি তাঁদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপরই ব্রজদীপ নামে এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতে শুরু করেন আরতি। গত চার-পাঁচ মাস ধরে তাঁরা ওই কলোনিতে ভাড়া থাকছিলেন। মেয়ে বর্তমানে তার বাবার কাছেই থাকে।

তদন্তে পুলিশ পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। অভিযুক্ত প্রাক্তন স্বামী পলাতক না কি আহতদের মধ্যেই একজন, তা খতিয়ে দেখা হচ্ছে। হোলির সকালে এমন ঠান্ডা মাথার খুনের ছক কেন কষল মনমোহন, তার নেপথ্যে কেবল আক্রোশ না কি অন্য কোনো কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে শাহজাহানপুর থানার পুলিশ।