দেওয়ালের ভেতরেই জ্যান্ত কবর? ২ সপ্তাহ পর উদ্ধার ‘অলৌকিক’ বিড়াল, শোরগোল আয়ারল্যান্ডে!

সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে এই বাস্তব ঘটনা। গত দুই সপ্তাহ ধরে নিখোঁজ ছিল পোষ্য বিড়ালটি। মালিক তন্ন তন্ন করে খুঁজেও হদিশ পাননি। আশা যখন প্রায় ছেড়েই দিয়েছেন, তখনই ঘটল এক অলৌকিক কাণ্ড। আয়ারল্যান্ডের কর্ক সিটিতে একটি বাড়ির ইটের দেওয়ালের ভেতর থেকে জ্যান্ত উদ্ধার করা হলো বিড়ালটিকে।
রহস্যময় সেই ডাক: দমকল বিভাগের কাছে ভোর ৪টের সময় একটি ফোন আসে। এক প্রতিবেশী জানান, দেওয়ালের ভেতর থেকে বিড়ালের আর্তনাদ শোনা যাচ্ছে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কর্ক সিটি ফায়ার ব্রিগেডের একটি দল। কিন্তু দেওয়ালের ঠিক কোন জায়গায় বিড়ালটি আটকে আছে, তা বোঝা যাচ্ছিল না। শেষে একটি বিশেষ শব্দ-সনাক্তকারী যন্ত্র ব্যবহার করেন দমকলকর্মীরা।
যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার: যন্ত্রের সাহায্যে নির্দিষ্ট স্থান চিহ্নিত করার পর সাবধানে দেওয়ালের গাঁথনি ভাঙা শুরু হয়। কিছুক্ষণ পরেই দেখা যায়, দেওয়ালের সংকীর্ণ খাঁজের ভেতর আটকে রয়েছে বিড়ালটি। প্রায় দুই সপ্তাহ না খেয়ে সেখানে আটকে থাকলেও উদ্ধার হওয়ার পর বিড়ালটি আশ্চর্যজনকভাবে সুস্থ আছে। উদ্ধারকাজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই তা ভাইরাল হয়ে যায়। বিড়ালটিকে তার মালকিনের হাতে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে কীভাবে একটি জ্যান্ত বিড়াল দেওয়ালের ভেতরে আটকা পড়ল, তা নিয়ে এখনও ধন্দে স্থানীয়রা।