সোমবার থেকেই ম্যারাথন বৈঠক! রাজনৈতিক দল ও পুলিশ কর্তাদের সঙ্গে কী কথা বলবে কমিশন? জানুন পূর্ণাঙ্গ সূচি

২০২৬-এর পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার রাতেই শহরে পা রাখছে জাতীয় নির্বাচন কমিশনের (ECI) ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দল সোম ও মঙ্গলবার দফায় দফায় বৈঠক করবে রাজ্যের রাজনৈতিক দল এবং প্রশাসনিক কর্তাদের সঙ্গে। সূত্রের খবর, এই সফরের পরেই মার্চ মাসের মাঝামাঝি নাগাদ বঙ্গে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করা হতে পারে।
সোমবারের ব্যস্ত সূচি: রবিবার রাত ৮টায় কলকাতায় পৌঁছানোর পর সোমবার সকাল ১০টা থেকেই কাজে নেমে পড়বে কমিশন।
-
সকাল ১০টা – দুপুর ১২টা: রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক। সেখানে ভোট নিয়ে দলগুলির অভাব-অভিযোগ শুনবে কমিশন।
-
দুপুর ১২টা ৪৫ মিনিট: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজকুমার আগরওয়ালের সঙ্গে বৈঠক।
-
দুপুর ১টা ১৫ মিনিট: কেন্দ্র ও রাজ্যের ২৪টি আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার প্রধানদের সঙ্গে উচ্চপর্যায়ের আলোচনা। এরপর বিকেল পর্যন্ত চলবে জেলা শাসক (DM) ও পুলিশ সুপারদের (SP) সঙ্গে বৈঠক।
মঙ্গলবার ও চূড়ান্ত সিদ্ধান্ত: মঙ্গলবার সকাল ১০টায় নবান্নের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠকে বসবেন জ্ঞানেশ কুমাররা। উপস্থিত থাকবেন মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে। বেলা ১২টায় বুথ স্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে প্রস্তুতি যাচাই করবে ফুল বেঞ্চ। সফর শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি নিয়ে মুখ খুলতে পারে কমিশন। মঙ্গলবার বিকেল ৩টে ৫৫ মিনিটের বিমানেই দিল্লি ফিরে যাবেন তাঁরা। মনে করা হচ্ছে, এই সফরের পরেই ঠিক হবে পশ্চিমবঙ্গ কত দফায় ভোট গ্রহণ করা হবে।