ভোটের আগেই তোলপাড় বঙ্গ রাজনীতি! রাজ্যপালের ইস্তফাপত্র পৌঁছাল রাষ্ট্রপতির কাছে, পরবর্তী কে?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভাবনীয় মোড়! বিধানসভা নির্বাচনের ঠিক আগেই রাজ্যের রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিলেন সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার বিকেলে দিল্লি পৌঁছানোর পরই তিনি তাঁর পদত্যাগপত্র রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পাঠিয়ে দিয়েছেন বলে রাজভবন সূত্রে নিশ্চিত করা হয়েছে। ২০২২ সালের ১৭ নভেম্বর বাংলার দায়িত্ব নেওয়ার পর প্রায় সাড়ে তিন বছর এই পদে ছিলেন তিনি।
কেন এই আকস্মিক পদত্যাগ? ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত তাঁর মেয়াদের মেয়াদ থাকলেও, প্রায় ২০ মাস আগেই কেন আনন্দ বোস সরে দাঁড়ালেন, তা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। রাজ্যপালের ‘অফিসার অন স্পেশাল ডিউটি’ (OSD) তাঁর পদত্যাগের খবরটি নিশ্চিত করলেও, কারণ সম্পর্কে এখনও ধোঁয়াশা বজায় রেখেছেন। বিধানসভা ভোটের মুখে এই সিদ্ধান্ত কি কেবল ব্যক্তিগত, নাকি এর পেছনে কোনো বড় রাজনৈতিক সমীকরণ কাজ করছে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
রাজভবনের তিন বছর: সিভি আনন্দ বোসের কার্যকাল বরাবরই ছিল ঘটনাবহুল। নবান্ন-রাজভবন সংঘাত থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে তাঁর সক্রিয়তা সংবাদ শিরোনামে থেকেছে। ভোটের আবহে তাঁর এই প্রস্থান রাজভবনের পরবর্তী উত্তরাধিকারী নিয়ে নতুন জল্পনার জন্ম দিল। এখন দেখার, দিল্লির পক্ষ থেকে বাংলার পরবর্তী সাংবিধানিক প্রধান হিসেবে কার নাম ঘোষণা করা হয়।