বিহারের তখতে এবার বড় রদবদল! নীতীশ যাচ্ছেন রাজ্যসভায়, কে হচ্ছেন পরবর্তী মুখ্যমন্ত্রী?

বিহারের রাজনীতিতে কি তবে একটি দীর্ঘ অধ্যায়ের অবসান হতে চলেছে? জল্পনা ছিলই, তবে এবার তাতে শিলমোহর দিলেন খোদ নীতীশ কুমার। দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা পূরণ করতে বিহারের মুখ্যমন্ত্রিত্ব ছেড়ে এবার রাজ্যসভায় পাড়ি দিচ্ছেন জেডি(ইউ) প্রধান। আর নীতীশের এই প্রস্থানেই প্রশ্ন উঠেছে—বিহারের পরবর্তী মসনদে কে? সূত্রের খবর, এবার আর জেডি(ইউ) নয়, বিহারের রাশ সরাসরি নিজের হাতে নিতে চলেছে বিজেপি।
মুখ্যমন্ত্রীর দৌড়ে এগিয়ে কারা? ২০২৫-এর বিধানসভা নির্বাচনে জোট ক্ষমতায় ফিরলেও সমীকরণে বড় বদল এসেছে। ২৪৩টি আসনের মধ্যে বিজেপি পেয়েছে ৮৯টি এবং জেডি(ইউ) পেয়েছে ৮৫টি আসন। বড় শরিক হিসেবে এবার মুখ্যমন্ত্রী পদটি নিজেদের কবজায় রাখতে চায় পদ্ম শিবির। বর্তমানে বিহারের দুই উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং বিজয় কুমার সিনহার নাম মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে। এছাড়াও আলোচনায় রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই, বিহারের মন্ত্রী দিলীপ জায়সওয়াল এবং সঞ্জীব চৌরাশিয়া।
ছেলের হাতে কি রাজনীতির ব্যাটন? সবচেয়ে বড় চমক অপেক্ষা করছে উপ-মুখ্যমন্ত্রী পদে। রাজনৈতিক মহলে এতদিন আড়ালে থাকলেও, নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারের অভিষেক হতে পারে সরাসরি উপ-মুখ্যমন্ত্রী হিসেবে। জেডি(ইউ)-র ভাগের দুটি উপ-মুখ্যমন্ত্রী পদের একটিতে নিশান্তকে বসিয়ে নীতীশ তাঁর উত্তরাধিকার নিশ্চিত করতে চাইছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সব মিলিয়ে, বিহারের রাজনীতিতে এখন চরম নাটকীয় মোড়।