সোশ্যাল মিডিয়ার ‘লাইক’ কি কেড়ে নিচ্ছে আসল ভালোবাসা? বিস্ফোরক জল্পনায় অভিনেতা যতীন সারনা

‘স্যাক্রেড গেমস’-এর দাপুটে ‘বান্টি’ হোক বা ’83’-র যশপাল শর্মা—পর্দায় বারবার নিজের জাত চিনিয়েছেন অভিনেতা যতীন সারনা। তবে এবার আর অ্যাকশন বা ক্রাইম থ্রিলার নয়, একদম ছিমছাম এক প্রেমের গল্প নিয়ে হাজির হচ্ছেন তিনি। আগামী ৬ মার্চ মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি ‘না জানে কৌন আ গয়া’। রজনীকান্তের সঙ্গে ‘জেইলার ২’-এর শুটিং শেষ করে এবার রোম্যান্টিক ড্রামায় মন দিয়েছেন অভিনেতা। ইটিভি ভারতের প্রতিনিধি কীর্তিকুমার কদমের সঙ্গে আড্ডায় অভিনেতা ভাগ করে নিলেন তাঁর এই নতুন জার্নির নেপথ্য কাহিনি।
মধ্যবিত্তের স্বপ্ন ও গ্ল্যামার জগত দিল্লির এক নিম্ন-মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা যতীন আজও ভোলেননি তাঁর শিকড়। বাবার গয়নার ব্যবসায় হাত লাগানো ছেলেটি কীভাবে সিনেমার জাদুতে মজেছিলেন, তা শোনালেন নিজেই। যতীনের কথায়, “ছোটবেলায় ভিসিআর-এ সিনেমা দেখা আর অভিনেতাদের মিমিক্রি করাই ছিল প্যাশন।” সেই প্যাশনই তাঁকে আজ অনুরাগ কাশ্যপ বা কবির খানের মতো পরিচালকদের প্রিয় পাত্র করে তুলেছে।
সম্পর্কের ক্ষত ও ‘না জানে কৌন আ গয়া’ বিকাশ অরোরা পরিচালিত এই ছবিতে যতীনকে দেখা যাবে ‘কৌশল কুমার’ নামে এক সাধারণ ৯-৫ টার চাকরিজীবী যুবকের চরিত্রে। কৌশল কুমারের সাজানো জীবনে তিনা নামের এক মেয়ের প্রবেশ কীভাবে সম্পর্কের অসম্পূর্ণতাকে সামনে এনে দাঁড় করায়, সেটাই এই ছবির মূল উপজীব্য। যতীন বলেন, “আজকাল আমরা সোশ্যাল মিডিয়ায় সম্পর্কের উজ্জ্বল দিকটা দেখি, কিন্তু ভেতরের ক্ষতগুলোকে এড়িয়ে যাই। আমাদের সিনেমা সেই ক্ষতগুলোর মুখোমুখি হওয়ার কথা বলে।”
সোশ্যাল মিডিয়া ও আধুনিক প্রেম বর্তমান প্রজন্মের স্মার্টফোন আসক্তি নিয়ে বেশ চিন্তিত অভিনেতা। তাঁর মতে, পরিবারের চারজন মানুষ একসঙ্গে বসেও আজ মোবাইলে ব্যস্ত। যতীন আক্ষেপ করে বলেন, “সমুদ্রের ওপারের কোনো অচেনা মানুষের একটা ‘লাইক’ পাওয়া আজ আমাদের কাছে জীবনের সার্থকতা হয়ে দাঁড়িয়েছে। আমরা মুহূর্তে বাঁচতে ভুলে গিয়েছি।” ‘না জানে কৌন আ গয়া’ দর্শকদের সেই হারানো মুহূর্ত আর সম্পর্কের পবিত্রতা খুঁজে পাওয়ার দিশা দেখাবে বলে আশাবাদী অভিনেতা।