গয়না নামমাত্র, পরনে সাধারণ শাড়ি; বিয়ের রিসেপশনে এ কি রূপ রশ্মিকা মন্দানার!

হায়দরাবাদের নিজাম শহরে বসেছিল বছরের সবচেয়ে চর্চিত বিয়ের রিসেপশন আসর। দক্ষিণী সুপারস্টার বিজয় দেবরকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানার বিয়ে নিয়ে ভক্তদের উন্মাদনার শেষ ছিল না। তবে রিসেপশনের রাতে সবাইকে চমকে দিলেন এই তারকা দম্পতি। কোনো জাঁকজমকপূর্ণ বা ভারী সাজ নয়, বরং একেবারে সাধারণ ও মার্জিত লুকে ধরা দিয়ে আভিজাত্যের নতুন সংজ্ঞা লিখলেন তাঁরা।

রশ্মিকার লাল মাইসোর সিল্কের জাদু বিয়ের দিন গয়নায় মোড়া থাকলেও, রিসেপশনের জন্য রশ্মিকা বেছে নিয়েছিলেন একটি ঐতিহ্যবাহী লাল রঙের মাইসোর সিল্ক শাড়ি। দক্ষিণ ভারতীয় ঐতিহ্যের ছোঁয়া থাকা এই শাড়ির পাড়ে ছিল সূক্ষ্ম মুদ্রার মোটিফ এবং সোনালি পুঁতির কাজ। ভারী সাজগোজ এড়িয়ে তিনি পরেছিলেন ছিমছাম গোল্ডেন টেম্পল জুয়েলারি—গলায় হার, কানে চাঁদবালি এবং কোমরে একটি সুন্দর বন্ধনী। চুলে সাদা ফুলের খোঁপা, কপালে ছোট্ট টিপ আর সিঁদুরে রশ্মিকাকে দেখাচ্ছিল অপার্থিব সুন্দরী। তাঁর সিম্পল মেকআপ আর আকর্ষণীয় আই-লুক ফ্যাশন প্রেমীদের নজর কেড়েছে।

বিজয়ের দক্ষিণী মেজাজ অন্যদিকে, বিজয় দেবরকোন্ডাও নিজেকে সাজিয়েছিলেন খাঁটি দক্ষিণী মেজাজে। পরনে ছিল ঘিয়া ও সাদা রঙের সিল্কের খাটো কুর্তা এবং ঐতিহ্যবাহী ‘মুন্ডু’ বা ভেস্তি। পোশাকে ছিল রুপোলি জরির কাজ। গলায় একটি সাধারণ বিছে হার আর হাতে রিস্টলেট—বিজয়ের এই শান্ত ও মার্জিত লুক মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।

আপনিও যদি কোনো অনুষ্ঠানে ভারী মেকআপের বদলে স্নিগ্ধ ও আভিজাত্যপূর্ণ লুক তৈরি করতে চান, তবে বিজয়-রশ্মিকার এই রিসেপশন স্টাইল হতে পারে আপনার সেরা অনুপ্রেরণা।