পার্থর কেন্দ্রে নতুন মুখ, ভবানীপুরে দিদির লড়াই; নজরকাড়া ১০ আসনের এক্সক্লুসিভ আপডেট!

পশ্চিমবঙ্গে বেজে গিয়েছে বিধানসভা নির্বাচনের দামামা। ভোটার তালিকা চূড়ান্ত হওয়ার পর এখন সবার নজর কালীঘাটের দিকে। ২৯৪টি আসনের মধ্যে এমন ১০টি বিশেষ কেন্দ্র রয়েছে, যা নিয়ে রাজ্য রাজনীতিতে তুঙ্গে জল্পনা। কার কপালে জুটবে টিকিট, আর কার নাম বাদ পড়বে—তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

নন্দীগ্রাম ও ভবানীপুর: সব নজর যেখানে গতবার নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের হার এবং শুভেন্দু অধিকারীর জয় বাংলার রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছিল। তবে এবার জল্পনা, মমতা বোধহয় নন্দীগ্রাম থেকে লড়ছেন না। সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্যের মতো কোনো যুব মুখ অথবা কোনো দাপুটে স্থানীয় নেতাকে দেখা যেতে পারে। অন্যদিকে, মমতা নিজের পুরনো দুর্গ ভবানীপুর থেকেই লড়বেন বলে স্পষ্ট করেছেন। তবে ভোটার তালিকা থেকে প্রায় ৪৮ হাজার নাম বাদ পড়া নিয়ে সেখানে নতুন সমীকরণ তৈরি হয়েছে।

পার্থহীন বেহালা পশ্চিম ও বালিগঞ্জের সমীকরণ দীর্ঘ ২৪ বছর পর বেহালা পশ্চিম দেখবে নতুন তৃণমূল প্রার্থী। জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় কোনো জনপ্রিয় কাউন্সিলরকে টিকিট দিতে পারে দল। বালিগঞ্জে বাবুল সুপ্রিয় রাজ্যসভায় যাওয়ায় সেখানে নতুন মুখ আসা নিশ্চিত। শোনা যাচ্ছে, বর্ষীয়ান শোভনদেব চট্টোপাধ্যায়কে খড়দহ থেকে সরিয়ে তাঁর পুরনো চেনা মাঠ বালিগঞ্জে আনা হতে পারে।

তারকা ইমেজ বনাম স্থানীয় দাপট বারাসতে চিরঞ্জিৎ চক্রবর্তী আর বয়সের কারণে দাঁড়াতে না চাইলে সেখানে ফের কোনো টলিউড তারকা নাকি স্থানীয় নেতা প্রাধান্য পাবেন, তা নিয়ে চর্চা তুঙ্গে। একইভাবে ভাটপাড়ায় অর্জুন সিংয়ের গড় ভাঙতে মরিয়া তৃণমূল। ময়নায় অশোক দিন্দাকে টক্কর দিতে বিজেপি ত্যাগী চন্দন মণ্ডলকে ভাবা হচ্ছে। ইংরেজবাজার ও খড়গপুর সদরের মতো বিজেপি প্রভাবিত কেন্দ্রগুলোতেও চমক দিতে পারে ঘাসফুল শিবির। খড়দহে শোভনদেব সরে গেলে কে হবেন কাজলের উত্তরসূরি, তা নিয়ে কৌতুহল চরমে।