শ্রীলঙ্কা উপকূলে ঘনাচ্ছে যুদ্ধের মেঘ! ‘IRIS Dena’ ধ্বংসের পরেই দ্বিতীয় রণতরী পাঠাল ইরান

পশ্চিম এশিয়ার যুদ্ধের লেলিহান শিখা এবার এসে পৌঁছল ভারত মহাসাগরে। শ্রীলঙ্কার জলসীমায় আমেরিকার নৌবাহিনীর টর্পেডো হামলায় ইরানের অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘আইআরআইএস দেনা’ (IRIS Dena) চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার পর পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে উঠেছে। সূত্রের খবর, এই ঘটনার ঠিক পরের দিনই প্রতিশোধের আগুন বুকে নিয়ে শ্রীলঙ্কা উপকূলের দিকে দ্বিতীয় একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে তেহরান।

বিশাখাপত্তনম থেকে ফেরার পথে ট্র্যাজেডি: গত ১৫ থেকে ২৫ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তনমে ৭০টিরও বেশি দেশের সঙ্গে যৌথ নৌ-মহড়ায় অংশ নিতে এসেছিল ‘আইআরআইএস দেনা’। সেখান থেকে ফেরার পথেই শ্রীলঙ্কার কলম্বো উপকূলের কাছে মার্কিন সাবমেরিনের টর্পেডো হানায় এটি ধ্বংস হয়। জাহাজে থাকা ১৮০ জন ক্রু-র মধ্যে মাত্র ৩২ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে, বাকি ১৪৮ জন সেনা ও আধিকারিক সমুদ্রের অতলে তলিয়ে গিয়েছেন।

শ্রীলঙ্কার উদ্বেগ ও বিশ্ব রাজনীতি: শ্রীলঙ্কার সংসদে সে দেশের মন্ত্রী জানিয়েছেন, দ্বিতীয় ইরানি জাহাজটি ইতিমধ্যেই আন্তর্জাতিক জলসীমায় দেখা গিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম ভারতের এত কাছে টর্পেডো হামলায় কোনও যুদ্ধজাহাজ ডুবল। বিশেষজ্ঞরা বলছেন, আমেরিকা ইতিমধ্যেই ইরানের প্রায় ২০টি যুদ্ধজাহাজ ধ্বংস করেছে। এবার ভারতের ঘরের কাছে দুই শক্তির এই লড়াই দক্ষিণ এশিয়ার নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিল।