শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি এখন তেন্ডুলকর পরিবারের বউমা! চারহাত এক হল অর্জুন-সানিয়ার

লক্ষ্মীবার সকালে সচিন তেন্ডুলকরের বাংলো থেকে দক্ষিণ মুম্বইয়ের রাজকীয় ভেন্যু—সর্বত্রই ছিল উৎসবের মেজাজ। দীর্ঘদিনের বান্ধবী সানিয়া চান্দকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ক্রিকেটার অর্জুন তেন্ডুলকর। এই মেগা বিয়ের আসর যেন হয়ে উঠল ভারতীয় ক্রিকেটের এক মিলনমেলা।

উপস্থিত নক্ষত্রমন্ডলী: বিয়ের আসরে সস্ত্রীক হাজির ছিলেন মহেন্দ্র সিং ধোনি। এছাড়াও সুনীল গাভাসকর, যুবরাজ সিং, হরভজন সিং, জাহির খানদের উপস্থিতিতে উজ্জ্বল ছিল বিয়ের মণ্ডপ। সেমিফাইনালের ব্যস্ততার মাঝেই সস্ত্রীক উপস্থিত হয়েছিলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর। আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং নির্বাচক প্রধান অজিত আগরকরও শুভেচ্ছা জানিয়ে যান নবদম্পতিকে। বিনোদুনিয়ার প্রতিনিধিদের মধ্যে অভিষেক বচ্চন ও ঐশ্বর্য রাই বচ্চনের উপস্থিতি ছিল নজরকাড়া।

কে এই সানিয়া চান্দক? সানিয়া হলেন বিখ্যাত শিল্পপতি রবি ঘাইয়ের নাতনি। রবি ঘাই মুম্বইয়ের বিখ্যাত ‘গ্র্যাভিস গ্রুপ’-এর কর্ণধার, যার অধীনে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল হোটেল এবং জনপ্রিয় আইসক্রিম ব্র্যান্ড ‘ব্রুকলিন ক্রিমারি’। বর্তমানে তাঁর পুত্র গৌরব ঘাই এই ব্যবসার হাল ধরেছেন। ক্রিকেট আর শিল্পের এই মেলবন্ধন মুম্বইয়ের অন্যতম সেরা বিয়ের তকমা পেল।