মগধের মসনদে এবার গেরুয়া রাজ! রাজ্যসভায় নীতীশ, বিহারে কি ‘সম্রাট’ যুগ শুরু?

বিহারের রাজনীতিতে এক ঐতিহাসিক পালাবদল। গত নভেম্বরের বিধানসভা নির্বাচনে জোট বেঁধে লড়ার পর, এবার মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়ে দিল্লি পাড়ি দিচ্ছেন জেডি(ইউ) প্রধান নীতীশ কুমার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলেন তিনি। এর সাথেই বিহারে শুরু হলো বিজেপির সরাসরি শাসনের পথ।

তেজস্বীর তোপ: নীতীশের এই পদক্ষেপকে ‘জনাদেশের প্রতি বিশ্বাসঘাতকতা’ বলে দেগে দিয়েছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। তাঁর অভিযোগ, “বিজেপি বিহারকে মহারাষ্ট্র করে ছাড়ল। আমরা আগেই বলেছিলাম ভোট মিটলে নীতীশজিকে সরিয়ে দেওয়া হবে, আজ সেটাই সত্যি হলো।”

কে হবেন নতুন মুখ্যমন্ত্রী? নীতীশের উত্তরসূরি হিসেবে দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছেন উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। ওবিসি কোটা এবং কুশওয়াহা সম্প্রদায়ের নেতা হিসেবে তাঁর গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। তবে আরএসএস ঘনিষ্ঠ নিত্যানন্দ রাইয়ের নামও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনকি কোনো উচ্চবর্ণের নেতাকেও বিজেপি চমক হিসেবে সামনে আনতে পারে বলে জল্পনা তুঙ্গে।