নবান্নের মাস্টারস্ট্রোক: ৪৬ হাজার পর্যন্ত বেতন হলে মিলবে ৭,৪০০ টাকা বোনাস! খুশির হাওয়া কর্মীদের মধ্যে

উৎসবের মরসুমের অনেক আগেই রাজ্য সরকারি কর্মীদের মুখে চওড়া হাসি ফোটাল নবান্ন। ২০২৬ সালের উৎসবের জন্য অ্যাড-হক বোনাস এবং উৎসব অগ্রিমের পরিমাণ একধাক্কায় অনেকটা বাড়িয়ে দিল পশ্চিমবঙ্গ সরকার। ২৭ ফেব্রুয়ারি অর্থ দপ্তরের জারি করা নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার বোনাস ও অগ্রিমের যোগ্যতার ঊর্ধ্বসীমাও বাড়ানো হয়েছে, যার ফলে কয়েক লক্ষ অতিরিক্ত কর্মী এই সুবিধার আওতায় আসবেন।

বোনাস ও অগ্রিমের নতুন অঙ্ক:

  • অ্যাড-হক বোনাস: গত বছর বোনাস ছিল ৬,৮০০ টাকা, এবার তা বেড়ে হয়েছে ৭,৪০০ টাকা। ৪৬,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতনভোগী কর্মীরা এই সুবিধা পাবেন।

  • উৎসব অগ্রিম: সুদমুক্ত উৎসব অগ্রিমের পরিমাণ ২০,০০০ টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে ২২,০০০ টাকা। যাঁদের বেতন ৪৬,০০০ থেকে ৫৪,০০০ টাকার মধ্যে, তাঁরা এই অগ্রিম নিতে পারবেন। এই টাকা ১০টি সমান কিস্তিতে বেতন থেকে কেটে নেওয়া হবে।

  • পেনশনভোগীদের জন্য: অবসরপ্রাপ্ত কর্মীদের এক্স-গ্রাসিয়া ৩,৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩,৮০০ টাকা করা হয়েছে। ৪০,০০০ টাকা পর্যন্ত পেনশনভোগীরা এই সুবিধা পাবেন।

কবে ঢুকবে টাকা? বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, মুসলিম সম্প্রদায়ের কর্মীরা ইদ-উল-ফিতরের আগেই এই টাকা পেয়ে যাবেন। অন্যান্য কর্মীদের ক্ষেত্রে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবরের মধ্যে (দুর্গাপুজোর আগে) বোনাস ও অগ্রিমের টাকা প্রদান সম্পন্ন করা হবে। শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে পঞ্চায়েত ও পুরসভার কর্মীরাও এই বর্ধিত হারের সুবিধা পাবেন।