নিয়োগে গতি! কোন জেলায় কবে ইন্টারভিউ? ১৩,৪২১ পদে চাকরির সূচি দেখে নিন একনজরে

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় বড়সড় পদক্ষেপ নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পঞ্চম থেকে দশম দফার ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। আগামী ১০ মার্চ থেকে শুরু হচ্ছে এই মেগা ইন্টারভিউ প্রক্রিয়া। মোট ১৩,৪২১টি শূন্যপদে নিয়োগের লক্ষ্যেই এই তৎপরতা শুরু করেছে পর্ষদ। বিভিন্ন জেলার প্রার্থীদের জন্য আলাদা আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে।

জেলাভিত্তিক ইন্টারভিউয়ের সম্পূর্ণ সূচি: পর্ষদের বিজ্ঞপ্তি অনুযায়ী, জেলাভিত্তিক সূচি নিচে দেওয়া হলো:

  • পঞ্চম দফা (নদিয়া): ১০ থেকে ১৩ মার্চ এবং ১৮ ও ১৯ মার্চ।

  • ষষ্ঠ দফা (পুরুলিয়া): ২৩ থেকে ২৫ মার্চ এবং ২৭ থেকে ৩০ মার্চ।

  • সপ্তম দফা (বাঁকুড়া): ৬ থেকে ১০ এপ্রিল, ১৬ ও ১৭ এপ্রিল এবং ২১ থেকে ২৪ এপ্রিল।

  • অষ্টম দফা (আলিপুরদুয়ার ও দক্ষিণ দিনাজপুর): ২৭ থেকে ৩০ এপ্রিল।

  • নবম দফা (মালদা ও পশ্চিম বর্ধমান): ৫ থেকে ৮ মে এবং ১২ থেকে ১৫ মে।

  • দশম দফা (বীরভূম): ১৯ থেকে ২২ মে এবং ২৮ থেকে ২৯ মে।

ভোটের আবহেও কি চলবে ইন্টারভিউ? সামনেই নির্বাচন, তাই আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) জারি হওয়া নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে কিছুটা উদ্বেগ ছিল। তবে পর্ষদ সূত্রে খবর, যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া এবং ইন্টারভিউ আগে থেকেই শুরু হয়েছিল, তাই ভোট ঘোষণার পরেও এটি চালিয়ে যেতে আইনি বাধা থাকার কথা নয়। ইতিমধ্যেই চতুর্থ দফা পর্যন্ত কোচবিহার, হাওড়া ও উত্তর দিনাজপুরের মতো জেলাগুলির ইন্টারভিউ সফলভাবে সম্পন্ন হয়েছে।

পর্ষদ জানিয়েছে, সমস্ত দফার ইন্টারভিউ শেষ হওয়ার পরেই চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করা হবে। ধাপে ধাপে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে বদ্ধপরিকর রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ।