EPFO-এর মাস্টারস্ট্রোক! হাইওয়ে প্রকল্পে ১০০০ কোটি বিনিয়োগ, পিএফ গ্রাহকদের জন্য বড় খবর

দেশের সংগঠিত ক্ষেত্রের কর্মীদের অবসরের সঞ্চয় বা পিএফ (PF) তহবিল এবার খাটতে চলেছে দেশের জাতীয় মহাসড়ক নির্মাণে। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থা (EPFO) এখন থেকে জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ (NHAI)-এর নতুন পরিকাঠামো বিনিয়োগ ট্রাস্ট, ‘হাইওয়ে ইনফ্রা ইনভেস্টমেন্ট ট্রাস্ট’ (RIIT)-এ অন্যতম প্রধান বিনিয়োগকারী হতে চলেছে। RIIT-এর প্রথম পাবলিক ইস্যুতে মোট ইউনিটের ১৬.৬ শতাংশ কেনার সিদ্ধান্ত নিয়েছে EPFO, যার অর্থমূল্য প্রায় ১,০০০ কোটি টাকা।
স্পনসরের থেকেও বেশি শেয়ার EPFO-র হাতে!
আশ্চর্যের বিষয় হলো, এই বিনিয়োগের ফলে EPFO-এর হাতে থাকা ইউনিটের পরিমাণ খোদ স্পনসর NHAI-এর থেকেও বেশি হবে। যেখানে NHAI ১৫ শতাংশ ইউনিট অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে, সেখানে EPFO-এর ঝুলিতে থাকছে ১৬.৬ শতাংশ। এছাড়া বিনিয়োগকারী হিসেবে নাম জড়িয়েছে SBI Life Insurance-এরও। তারা প্রায় ২৬০ কোটি টাকা বা ৪.৩ শতাংশ ইউনিট কিনতে চলেছে।
কীভাবে কাজ করবে এই প্রকল্প?
RIIT আগামী ১০ মার্চ থেকে বড় বিনিয়োগকারীদের কাছ থেকে দরপত্র আহ্বান করবে। সংগৃহীত অর্থ দিয়ে ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং কর্ণাটকের প্রায় ২৬০ কিলোমিটার দীর্ঘ পাঁচটি হাইওয়ে প্রকল্প অধিগ্রহণ করা হবে। প্রকল্পের মোট খরচ ধরা হয়েছে ৯,৫০০ কোটি টাকা, যার মধ্যে ৬,০০০ কোটি আসবে ইকুইটি থেকে এবং বাকি ৩,৫০০ কোটি টাকা আসবে ঋণ হিসেবে। আগামী ৩ থেকে ৫ বছরে আরও ১,৫০০ কিলোমিটার সড়ক সম্পদ RIIT-তে হস্তান্তর করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।
সাধারণ গ্রাহকদের জন্য সুযোগ:
অবসর তহবিলের জন্য InvIT-কে একটি নিরাপদ এবং লাভজনক বিকল্প হিসেবে দেখছে EPFO। গত অর্থবছরেও তারা NHAI-এর অন্য একটি ট্রাস্টে ২,০৩৫ কোটি টাকা বিনিয়োগ করেছিল। সাধারণ খুচরা বিনিয়োগকারীদের জন্যও RIIT-এর ১০ শতাংশ ইউনিট সংরক্ষিত রাখা হতে পারে। প্রতিটি ইউনিটের মূল্যসীমা ৯৯ থেকে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরিকাঠামো নগদীকরণের মাধ্যমে এই বিশাল বিনিয়োগ থেকে বড় অঙ্কের রাজস্ব আদায়ের লক্ষ্য নিয়েছে কেন্দ্র, যা দীর্ঘমেয়াদে পিএফ গ্রাহকদের তহবিলে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।