স্মার্টফোন ভিজে গেলেই হেয়ার ড্রায়ার ব্যবহার করেন? অজান্তেই নিজের ফোনের বারোটা বাজাচ্ছেন না তো?

দোলের রঙ আর হুল্লোড়ের মাঝেই অনেক সময় ঘটে যায় বড় বিপত্তি। পকেটে থাকা সাধের স্মার্টফোনটিতে কখন যে আবির বা জল ঢুকে যায়, তা টেরও পাওয়া যায় না। দোল মিটলেই মোবাইল সার্ভিস সেন্টারগুলোতে উপচে পড়া ভিড়ই তার প্রমাণ। কিন্তু ফোন ভিজে গেলে আমরা অজান্তেই এমন কিছু ভুল করি, যাতে ফোনটি চিরতরে বিকল হয়ে যেতে পারে।
চালের ড্রাম কি আদৌ সমাধান? অনেকেই মনে করেন ভিজে ফোন চালের ড্রামে রাখলে চাল সব জল শুষে নেবে। কিন্তু প্রযুক্তিবিদরা বলছেন এটি চরম ভুল ধারণা। চালের সূক্ষ্ম গুঁড়ো বা ধুলো ফোনের চার্জিং পোর্ট বা হেডফোন জ্যাকে ঢুকে হিতে বিপরীত করতে পারে। এমনকি দীর্ঘক্ষণ চালের ভেতর আর্দ্র অবস্থায় ফোন থাকলে তাতে ফাঙ্গাস বা ছত্রাক জমার ভয়ও থাকে।
কীভাবে বাঁচাবেন আপনার ফোন?
-
সুইচ অফ সবার আগে: ফোনে জল ঢুকেছে বুঝতে পারলেই দেরি না করে ফোনটি বন্ধ করে দিন। অন অবস্থায় থাকলে শর্ট সার্কিট হয়ে মাদারবোর্ড নষ্ট হতে পারে।
-
সিলিকা জেল প্যাকেট: নতুন জুতো বা ব্যাগের ভেতর যে ছোট সিলিকা জেলের প্যাকেট থাকে, সেগুলো ফোন বাঁচানোর সেরা অস্ত্র। একটি এয়ারটাইট জারে ফোনের সাথে ৪-৫টি প্যাকেট রেখে দিন। এটি চালের চেয়ে অনেক দ্রুত এবং নিরাপদে আর্দ্রতা শুষে নেয়।
-
হেয়ার ড্রায়ারকে ‘না’ বলুন: ফোন শুকোতে ভুলেও ড্রায়ার ব্যবহার করবেন না। অতিরিক্ত গরম হাওয়া ফোনের ভেতরের সূক্ষ্ম যন্ত্রাংশ বা ব্যাটারি গলিয়ে দিতে পারে।
-
ভ্যাকিউম ক্লিনারের ব্যবহার: স্পিকার গ্রিলে আবির ঢুকে থাকলে ফুঁ দেবেন না। বরং খুব কম পাওয়ারে ভ্যাকিউম ক্লিনার ব্যবহার করে ধুলো টেনে বের করে নিন।
অবস্থা গুরুতর হলে বাড়িতে পরীক্ষা-নিরীক্ষা না করে সরাসরি অভিজ্ঞ মেকানিকের পরামর্শ নেওয়াই বুদ্ধিমানের কাজ।