ইরানের মসনদে নতুন নেতা, কাঁপছে ইজরায়েল, তবে কি শুরু হলো তৃতীয় বিশ্বযুদ্ধ?

ক্তক্ষয়ী সংঘাতের ৫ দিন পার, কিন্তু থামার নাম নেই ইরান-ইজরায়েল যুদ্ধের। বরং ইরানের সর্বোচ্চ নেতার পরিবর্তন এবং নতুন করে ক্ষেপণাস্ত্র হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে গোটা মধ্যপ্রাচ্য। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দূতাবাস খালি করতে শুরু করেছে এবং ভারত সরকারও নাগরিকদের উদ্ধার করতে বিশেষ বিমান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
খামেনেইর মৃত্যু ও ইরানের নতুন নেতৃত্ব: ইরানের রাজনৈতিক প্রেক্ষাপটে এক বিশাল রদবদল ঘটেছে। আয়াতোল্লাহ আলি খামেনেইর প্রয়াণের পর তাঁর পুত্র মোজতবা খামেনেই ইরানের নতুন সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। দায়িত্ব নিয়েই ইজরায়েলের ওপর নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দিয়েছেন তিনি।
মৃত্যুমিছিল ও ধ্বংসলীলা: যুদ্ধের গত ৫ দিনে মৃত্যুর সংখ্যা আকাশচুম্বী। রিপোর্ট অনুযায়ী, ইরানে প্রায় ৭৮৭ জন, লেবাননে ৬০ জন এবং ইজরায়েলে অন্তত এক ডজন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া যুদ্ধে ৬ জন মার্কিন সেনার প্রাণহানির খবর পাওয়া গেছে। পাল্টা জবাবে আমেরিকা ও ইজরায়েল যৌথভাবে ইরানের প্রায় ২০০০ লক্ষ্যবস্তুতে ভয়াবহ আক্রমণ চালিয়েছে।
টার্গেটে মার্কিন দূতাবাস ও জ্বালানি পরিকাঠামো: ইরান এবার সরাসরি মার্কিন দূতাবাস ও জ্বালানি কেন্দ্রগুলোকে টার্গেট করছে। সৌদি আরবে মার্কিন দূতাবাস এবং সংযুক্ত আরব আমিরশাহীতে কনসুলেটে ড্রোন হামলার পর ওয়াশিংটন তাদের জরুরি কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। পাকিস্তান থেকেও মার্কিন কর্মীদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়েছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও সামরিক তৎপরতা:
-
ফ্রান্স: প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভূমধ্যসাগরে ফরাসি রণতরী মোতায়েন করেছেন।
-
সৌদি আরব: ক্রাউন প্রিন্স মহম্মদ বিন সলমানের নেতৃত্বে জরুরি বৈঠক শেষে জানানো হয়েছে, আক্রান্ত বন্ধু দেশগুলোর পাশে শক্ত হাতে দাঁড়াবে রিয়াদ।
-
কাতার: কাতারেও ইরানি ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়েছে, যার একটি লক্ষ্য ছিল আল-উদেইদ ঘাঁটি। এদিকে কাতার পুলিশ দুই সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যাদের সঙ্গে ইরানি রেভলিউশনারি গার্ডসের যোগ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ভারত সরকারের পদক্ষেপ: যুদ্ধক্ষেত্রে আটকে পড়া ভারতীয়দের সুরক্ষায় বড় সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। আগামী ৪ মার্চ স্পাইসজেট সংযুক্ত আরব আমিরশাহী থেকে ৮টি বিশেষ বিমান পরিচালনা করবে যাতে ভারতীয় নাগরিকদের দ্রুত দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়।
জেরুজালেম থেকে বৈরুত—গোটা আকাশ এখন বারুদের গন্ধে ভারী। বিশ্ব তাকিয়ে আছে, এই রক্তক্ষয়ী সংঘাত শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়।