ভিপিএন ব্যবহার করে বিদেশের সার্ভারে কারসাজি! ধৃত সৌরভই কি আদালত-পাসপোর্ট অফিসে আতঙ্কের কারণ?

গুজরাটের একাধিক স্কুল ও আদালতে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল পাঠানোর ঘটনায় চাঞ্চল্যকর মোড়। এই ঘটনার তদন্তে নেমে আহমেদাবাদ পুলিশ সরাসরি হানা দিল পশ্চিমবঙ্গে এবং গ্রেফতার করল সৌরভ বিশ্বাস নামে এক যুবককে। ধৃত সৌরভের বিরুদ্ধে অভিযোগ, সে পরিকল্পিতভাবে গুজরাটের প্রায় ১২টির বেশি স্কুল এবং ৬টি আদালতে বোমাতঙ্কের ইমেল পাঠিয়েছিল। আহমেদাবাদ পুলিশ সৌরভকে নিজেদের হেফাজতে নিয়ে মূল ষড়যন্ত্রের শিকড় খোঁজার চেষ্টা করছে।
সাম্প্রতিক সময়ে পশ্চিমবঙ্গও একই ধরণের ‘ইমেল-টেরর’-এর সাক্ষী থেকেছে। কলকাতা সহ বিভিন্ন জেলার আদালত, আসানসোল আদালত, এমনকি কলকাতার পাসপোর্ট অফিস এবং একাধিক পোস্ট অফিসেও প্রায় একই সময়ে হুমকি ইমেল আসে। তখন পুলিশ কমিশনার সুপ্রতীম সরকার সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন যে এগুলো ভুয়ো ইমেল ছিল। তবে এই ঘটনাগুলো সাধারণ মানুষের মধ্যে গভীর আতঙ্ক ছড়িয়েছিল। তদন্তকারীরা এখন খতিয়ে দেখছেন, বাংলার সেইসব হুমকি ইমেলের পেছনেও কি এই সৌরভ বিশ্বাসই ছিল?
আহমেদাবাদ পুলিশের দাবি, সৌরভ অত্যন্ত কৌশলী। সে ভিপিএন (VPN) প্রযুক্তি ব্যবহার করে বিদেশের সার্ভারের মাধ্যমে এই হুমকি ইমেলগুলি পাঠিয়েছিল, যাতে তার অবস্থান শনাক্ত করা না যায়। কিন্তু প্রযুক্তির জালে শেষরক্ষা হয়নি। ধৃতের ‘মোডাস অপারেন্ডি’ বা অপরাধের ধরণ বিশ্লেষণ করে তদন্তকারীরা মনে করছেন, দেশের বিভিন্ন প্রান্তে একই কায়দায় আতঙ্ক ছড়ানোর পরিকল্পনা ছিল তার। শুধু গুজরাট নয়, ভারতের অন্য কোথায় কোথায় সে এই জাল বিছিয়েছে, তা জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ পুলিশও আহমেদাবাদ পুলিশের সঙ্গে যোগাযোগ রাখছে যাতে রাজ্যের অমীমাংসিত হুমকি ইমেল রহস্যের সমাধান করা যায়।