“আপনার মা-বোনকে জিজ্ঞাসা করবেন…”, এন্ডোমেট্রিওসিস নিয়ে সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন ইমন চক্রবর্তী

সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটি ব্যাশিং বা তারকাদের আক্রমণ করা ইদানীং যেন এক কুরুচিকর অভ্যাসে পরিণত হয়েছে। কখনও শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পরিবার, কখনও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের শরীর—আক্রমণ থেকে বাদ যাচ্ছেন না কেউই। এবার সেই তালিকায় যুক্ত হলেন জাতীয় পুরস্কারজয়ী গায়িকা ইমন চক্রবর্তী। তবে চুপ না থেকে তথাকথিত ‘দাদা’দের কড়া ভাষায় জবাব দিলেন তিনি।
সম্প্রতি মায়ের মৃত্যুদিনে নেটপাড়ার কিছু নোংরা মন্তব্যের জেরে সমাজমাধ্যম থেকে বিরতি নেওয়ার কথা ঘোষণা করেছিলেন ইমন। ঠিক সেই সময় জনৈক ব্যক্তি প্রশ্ন তোলেন, “আপনি সেলিব্রিটি, আপনার গালে কেন ব্রণ?” এই ব্যক্তিগত ও অসংবেদনশীল মন্তব্যের পরিপ্রেক্ষিতে TV9 বাংলার সাক্ষাৎকারে রীতিমতো গর্জে ওঠেন ইমন। তিনি জানান, তাঁর ‘এন্ডোমেট্রিওসিস’ নামক একটি ক্রনিক সমস্যা রয়েছে। বিশ্বজুড়ে প্রায় ৬০ শতাংশ মহিলার এই সমস্যা থাকে।
ইমন অত্যন্ত স্পষ্টভাবে বলেন, “পিরিয়ড আসার আগে হরমোনের পরিবর্তনের কারণে ত্বক তৈলাক্ত হয়ে যায় এবং ব্রণ বেরোয়। পিরিয়ড শেষ হলে তা চলেও যায়।” তিনি আরও যোগ করেন, “আমি খুব সাধারণ বাড়ির মেয়ে হতে পারি, কিন্তু আমার বাবা-মা অসাধারণ ছিলেন। তাঁদের শিক্ষাতেই আমি জানি, পিরিয়ড নিয়ে কথা বলায় কোনও লজ্জা নেই।” আক্রমণকারীকে বিঁধে ইমন প্রশ্ন তোলেন, “আপনার বাড়িতে মা-বোন থাকলে তাঁদের জিজ্ঞাসা করবেন কেন পিরিয়ডের সময় এত কষ্ট হয় বা মন খারাপ থাকে! সব কিছুকে এক পাল্লায় মাপবেন না।”
নারী-পুরুষের চিরাচরিত সামাজিক ছাঁচ ভেঙে দেওয়ার আহ্বান জানিয়ে ইমন প্রশ্ন তোলেন, কেন ছেলেদের সবসময় বেশি রোজগার করতে হবে আর মেয়েদের শান্ত হতে হবে? শুধু মুখেই নয়, তাঁর প্রতি ধেয়ে আসা কুরুচিকর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই সাইবার সেলের দ্বারস্থ হয়েছেন গায়িকা। শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মতো তিনিও বুঝিয়ে দিলেন, পর্দার আড়ালে বসে নোংরামি করলে এখন আর পার পাওয়া যাবে না।