দুবাইয়ে আকাশজুড়ে মিসাইল-বৃষ্টি, সাত তারিখ পর্যন্ত সব বিমান বাতিল! ছেলেকে নিয়ে কোথায় লুকালেন শুভশ্রী?

মধ্যপ্রাচ্যের আকাশ এখন বারুদের গন্ধে ভারী। ইরান ও ইজরায়েলের পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হানায় রণক্ষেত্রে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিও। আর এই ভয়াবহ পরিস্থিতির মাঝেই দুবাইয়ের বিলাসবহুল হোটেলের চার দেওয়ালে ছেলে ইউভানকে নিয়ে আটকে পড়েছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শনিবার থেকে চলা এই যুদ্ধের আবহে প্রাণের ঝুঁকিতে রয়েছেন মা ও ছেলে। তাঁদের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন কলকাতায় থাকা পরিচালক রাজ চক্রবর্তী ও গোটা পরিবার।
গত শনিবার ইউভানকে নিয়ে ছুটি কাটাতে দুবাই গিয়েছিলেন শুভশ্রী। কিন্তু শনিবার ভোরে ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পর থেকেই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। পাল্টাপাল্টি আক্রমণে দুবাইয়ের মতো ব্যস্ত শহরেও এখন কান ফাটানো বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। বুধবার মধ্যরাতের ফ্লাইটে তাঁদের ফেরার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়েছে সেই বিমান। রাজ চক্রবর্তী দুশ্চিন্তা প্রকাশ করে জানিয়েছেন, আগামী ৭ ফেব্রুয়ারি পর্যন্ত দুবাই থেকে সব বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
রাজ টিভি নাইন বাংলাকে বলেন, “প্রথমে ভেবেছিলাম বুধবার রাতে ফিরে আসবে। কিন্তু এখন পরিস্থিতি অন্যরকম। শুধু কলকাতা নয়, ভারতের যে কোনও শহরে আসার বিমান পেলেই শুভশ্রী ও ইউভানকে ফেরানোর চেষ্টা করছি।” পরিস্থিতি এতটাই ঘোরালো যে, রাজ চক্রবর্তী ব্যক্তিগতভাবে বিধানসভার স্পিকারের সঙ্গেও যোগাযোগ করেছেন। রাজের আর্জি, ভারত সরকার যেভাবে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করছে, সেই তালিকায় যেন শুভশ্রী ও ইউভানকেও রাখা হয়। হাই কমিশনের মাধ্যমে তাঁদের দেশে ফেরানোর সবরকম তোড়জোড় চলছে।
দুবাইয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে আতঙ্ক ছড়িয়েছে পর্যটকদের মনে। চারদিকে শুধু কালো ধোঁয়া আর বিস্ফোরণের বিকট শব্দ। ঘরে থাকাই দায় হয়ে দাঁড়িয়েছে সেখানের বাসিন্দাদের। শুভশ্রী ও ইউভান আপাতত সুস্থ থাকলেও, যে কোনও মুহূর্তে পরিস্থিতির অবনতি হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজের কথায়, “যতক্ষণ না ওরা কলকাতার মাটিতে পা দিচ্ছে, ততক্ষণ দুশ্চিন্তা যাচ্ছে না।” টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীর নিরাপদে ফেরার অপেক্ষায় এখন প্রার্থনা করছেন তাঁর অগুনতি ভক্তরা।