এআইএফএফ-এর সঙ্গে সংঘাতের মাঝেই মাস্টারস্ট্রোক সঞ্জীব গোয়েঙ্কার! সবুজ-মেরুন ভক্তদের জন্য অবিশ্বাস্য উপহার

রঙের উৎসবের মাঝেই উত্তপ্ত হয়ে উঠল ময়দান। ভারতীয় ফুটবল নিয়ামক সংস্থা (AIFF)-এর সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টের সংঘাত চরমে পৌঁছালেও, দিনের শেষে মিলল বড় স্বস্তি। গত কেরল ব্লাস্টার্স ম্যাচে সমর্থকদের ‘অসভ্যতা’ ও গ্যালারিতে বাজি ফাটানোর অভিযোগে শাস্তির মুখে পড়তে হয়েছিল সবুজ-মেরুনকে। তবে রাতের দিকে সেই শাস্তির মাত্রা কমিয়ে বাগান ভক্তদের মাঠে ফেরার অনুমতি দিল ফেডারেশন। আর ঠিক এই সময়েই সমর্থকদের মুখে হাসি ফোটাতে মাস্টারস্ট্রোক দিলেন বাগান মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
ঘটনার সূত্রপাত গত মরসুমের বেঙ্গালুরু ম্যাচ থেকে। সেই ম্যাচে সমর্থকদের ছোড়া বাজিতে আহত হয়েছিলেন বেশ কিছু ফুটবলপ্রেমী। তখনই এআইএফএফ সতর্ক করেছিল, ফের এমন ঘটনা ঘটলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। গত কেরল ম্যাচে আবারও একই বিশৃঙ্খলা ঘটায় বাগান ম্যানেজমেন্টকে বড় অঙ্কের আর্থিক জরিমানা এবং আগামী ওড়িশা ম্যাচ দর্শকশূন্য মাঠে খেলার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে ক্লাবের পক্ষ থেকে এই খবর জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন সমর্থকরা। জেসন কামিংস, দিমি পেত্রাতোসদের গুরুত্বপূর্ণ ম্যাচে গ্যালারিতে দর্শক থাকবে না— এই ভাবনাটাই মেনে নিতে পারছিলেন না তারা।
তবে দীর্ঘ টালবাহানা ও বাগানের আপিলের পর রাতে ফেডারেশন নমনীয় হয়। ডেপুটি সেক্রেটারি এম সত্যনারায়ণ জানান, দর্শকদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়েই প্রথমে কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তবে মোহনবাগানের আবেদনের ভিত্তিতে এখন গ্যালারি আংশিক খোলার অনুমতি দেওয়া হয়েছে। অর্থাৎ, স্টেডিয়ামের অর্ধেক গ্যালারি ভরেই গর্জে উঠতে পারবেন সবুজ-মেরুন ভক্তরা।
এই স্বস্তির খবরের রেশ কাটতে না কাটতেই সমর্থকদের জন্য বড় উপহার ঘোষণা করলেন সঞ্জীব গোয়েঙ্কা। প্রতি বছর তিনি একটি হোম ম্যাচ সমর্থকদের বিনামূল্যে দেখার সুযোগ করে দেন। এবার ওড়িশা ম্যাচকেই সেই উপহারের তালিকায় রাখলেন তিনি। ঘোষণা করা হয়েছে, ওড়িশা ম্যাচের জন্য প্রত্যেক সমর্থককে নিখরচায় ২টি করে টিকিট দেওয়া হবে। জরিমানার ধাক্কা সামলে অর্ধেক গ্যালারিও যাতে কানায় কানায় ভরে ওঠে এবং দল যেন পূর্ণ সমর্থনে ওড়িশা এফসি-কে বধ করতে পারে, সেই লক্ষ্যেই এই বড় পদক্ষেপ বাগান ম্যানেজমেন্টের।