ভোটার লিস্টে ‘বিচারাধীন’ তকমা! নাগরিকত্ব হারানোর আতঙ্কে উস্তিতে যুবকের আত্মবলিদান?

ভোটার তালিকায় নিজের নামের পাশে ‘বিচারাধীন’ (Under Scrutiny) স্ট্যাম্প দেখেই কি আতঙ্কে শেষ করে দিলেন জীবন? দক্ষিণ ২৪ পরগনার উস্তি থানার ঘোলা নোয়াপাড়ায় রফিক আলি গাজি (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে এই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। পরিবারের দাবি, সাম্প্রতিক এসআইআর (SIR) প্রক্রিয়ার জেরে ভোটাধিকার হারানোর প্রবল দুশ্চিন্তায় মানসিক ভারসাম্য হারিয়ে রফিক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এই ঘটনায় খোদ নির্বাচন কমিশনারের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে পরিবার।

মৃতের আত্মীয়দের বক্তব্য, রফিক ইতিমাজধ্যেই বহুবার ভোট দিয়েছেন। কিন্তু এবার ভোটার তালিকায় তাঁর নামের পাশে ‘বিচারাধীন’ তকমা দেখে তিনি চরম হতাশ হয়ে পড়েন। প্রশাসনিক জটিলতা আর হয়রানির ভয়ে দিনরাত উদ্বেগের মধ্যে কাটাতেন তিনি। মঙ্গলবার দুপুরে নিজের ঘর থেকেই তাঁর দেহ উদ্ধার হয়। এই মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হয়েছে রাজনৈতিক তরজা।

তৃণমূলের অভিযোগ, বিজেপির অঙ্গুলিহেলনেই কমিশন যোগ্য ভোটারদের নামের পাশে ‘বিচারাধীন’ লিখে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে। যুব তৃণমূল সভাপতি ইমরান খান বলেন, “এসআইআর আতঙ্কেই রফিকের মৃত্যু হয়েছে। আমরা কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা চাই।” পাল্টা বিজেপি নেতা সুফল খাটু বলেন, “তৃণমূল সব কিছুতেই এসআইআর-এর ভূত দেখছে। তদন্তের আগেই মৃতদেহ নিয়ে রাজনীতি করা হচ্ছে। আসলে ভোটার তালিকা থেকে মৃত ভোটারদের নাম বাদ যাওয়ায় তৃণমূল ভয় পেয়েছে।”

উস্তি থানা অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের পর দেহ নিয়ে বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে।