বিহারে মহাপ্রলয়! ইস্তফা দিচ্ছেন নীতীশ কুমার? কুর্সিতে বসছেন ছেলে নিশান্ত, তুঙ্গে জল্পনা

বিহারের রাজনীতিতে কি এবার এক যুগের অবসান হতে চলেছে? গত কয়েক দশক ধরে বিহারের ‘চাণক্য’ হিসেবে পরিচিত নীতীশ কুমার এবার বড় কোনো রদবদলের পথে হাঁটছেন বলে জোর গুঞ্জন শুরু হয়েছে। রাজনৈতিক মহলের খবর, মুখ্যমন্ত্রী পদ ছেড়ে নীতীশ কুমার এবার সরাসরি দিল্লির রাজনীতিতে বা রাজ্যসভায় পাড়ি দিতে পারেন। আর তাঁর ছেড়ে যাওয়া সিংহাসন এবং উত্তরাধিকার নিয়ে এনডিএ শিবিরের অন্দরে চলছে তুমুল জল্পনা। সবচেয়ে চমকপ্রদ তথ্য হলো, নীতীশের রাজনৈতিক উত্তরসূরি হিসেবে তাঁর ছেলে নিশান্ত কুমারের সক্রিয় রাজনীতিতে অভিষেক হতে পারে।
সূত্রের খবর, বুধবার সকালে জেডিইউ-এর জাতীয় কার্যকরী সভাপতি সঞ্জয় ঝা দিল্লি থেকে পটনায় পৌঁছে নীতীশ কুমারের সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা বৈঠক করেছেন। শুধু তাই নয়, কেন্দ্রীয় মন্ত্রী লালন সিং-ও জরুরি ভিত্তিতে পটনা আসছেন। এই হেভিওয়েট নেতাদের গতিবিধিই স্পষ্ট করে দিচ্ছে যে, বিহারে বড় কোনো রাজনৈতিক ভূমিকম্প ঘটতে চলেছে। এনডিএ-র অন্দরে যে ‘পাওয়ার ট্রান্সফার’ বা ক্ষমতা হস্তান্তরের ফর্মুলা নিয়ে আলোচনা চলছে, তাতে নীতীশ কুমারের রাজ্যসভায় যাওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হচ্ছে।
কী হতে চলেছে বিহারের নতুন সমীকরণ? ১. নীতীশের দিল্লি যাত্রা: জেডিইউ কোটায় নীতীশ কুমারকে রাজ্যসভায় পাঠিয়ে কেন্দ্রীয় রাজনীতিতে তাঁকে বড় কোনো দায়িত্ব দেওয়া হতে পারে। ২. নিশান্ত কুমারের অভিষেক: নীতীশ কুমারের ছেলে নিশান্ত কুমারকে বিহারের উপ-মুখ্যমন্ত্রী পদে বসিয়ে তাঁকে সক্রিয় রাজনীতিতে আনা হতে পারে। জেডিইউ-এর অনেক প্রবীণ নেতাই নিশান্তের আগমণকে ইতিমধ্যেই স্বাগত জানিয়েছেন। ৩. বিজেপির মুখ্যমন্ত্রী: নীতীশ সরে দাঁড়ালে স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী পদের দাবিদার হবে বিজেপি। সেক্ষেত্রে বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নাম সবার আগে উঠে আসছে।
২০২৫-এর নির্বাচনে এনডিএ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পর থেকেই এই রদবদলের পরিকল্পনা করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। নীতীশ কুমার নিজের ভবিষ্যৎ এবং ছেলের রাজনৈতিক কেরিয়ার নিশ্চিত করতেই এই মাস্টারস্ট্রোক দিতে চলেছেন। আজ পটনায় এনডিএ বিধায়ক দলের বৈঠকেই সম্ভবত এই ঐতিহাসিক সিদ্ধান্তের সিলমোহর পড়তে চলেছে।