সেমিফাইনালে ভারতের সামনে ইংল্যান্ড! আম্পায়ার তালিকায় বড় চমক, আইসিসি-র সিদ্ধান্তে কি চাপে পড়বে বাটলার বাহিনী?

টি-২০ বিশ্বকাপের উত্তেজনা তুঙ্গে। সুপার-এইট পর্বের লড়াই শেষে এবার নির্ধারণ হয়ে গিয়েছে শেষ চারের চার যোদ্ধা— ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আগামী ৫ মার্চ মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হতে চলেছে শক্তিশালী ইংল্যান্ড। এই মেগা ম্যাচে কারা থাকবেন আম্পায়ার ও ম্যাচ অফিশিয়াল হিসেবে? মঙ্গলবার সেই তালিকা প্রকাশ করে দিল আইসিসি।
ভারত-ইংল্যান্ড ম্যাচে কিউয়ি আম্পায়ারের হ্যাটট্রিক ওয়াংখেড়েতে ভারত বনাম ইংল্যান্ডের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি এবং দক্ষিণ আফ্রিকার আল্লাহউদিন পালেকর। তৃতীয় আম্পায়ারের দায়িত্বে থাকছেন আদ্রিয়ান হোল্ডস্টক। লক্ষ্য করার মতো বিষয় হলো, চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতের জোড়া সুপার-এইট ম্যাচেও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন এই ক্রিস গ্যাফানি। অর্থাৎ সেমিফাইনাল ধরলে ভারতের টানা তিনটি ম্যাচে আম্পায়ারিং করতে দেখা যাবে এই কিউয়ি ভদ্রলোককে। ম্যাচ রেফারির গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকছেন জিম্বাবোয়ের অভিজ্ঞ অ্যান্ডি পাইক্রফট।
ইডেনের প্রথম সেমিফাইনালে ভারতীয় আম্পায়ার আগামীকাল ৪ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন রিচার্ড ইলিংওর্থ এবং অ্যালেক্স হোয়ার্ফ। নন্দনকাননে থার্ড আম্পায়ার হিসেবে থাকছেন ভারতের গর্ব নীতীন মেনন। ম্যাচ রেফারি হিসেবে ইডেনে দেখা যাবে জাভাগাল শ্রীনাথকে।
অতীত কি ফিরবে ওয়াংখেড়েতে? গত টি-২০ বিশ্বকাপেও দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সেবারও অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ক্রিস গ্যাফানি। সেই ম্যাচে ইংল্যান্ডকে ৬৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছিল রোহিত বাহিনী। এবারও কি গ্যাফানির উপস্থিতিতে ভারত সেই ম্যাজিক ফেরাতে পারবে? উত্তর পাওয়া যাবে বৃহস্পতিবার রাতেই।