ফটোগ্রাফারদের ওপর আবির ছুড়লেন ঊর্মিলা! জাভেদ-শাবানার প্রেমে রঙিন দোল, নেটপাড়ায় হুলুস্থুল

বসন্তের আমেজে দেশজুড়ে পালিত হচ্ছে রঙের উৎসব। আর সেই রঙের ছোঁয়া থেকে বাদ গেলেন না মায়ানগরীর তারকারাও। উর্বশী রাউতেলা থেকে শুরু করে সোহা আলি খান, জাভেদ আখতার থেকে রণদীপ হুডা— প্রত্যেকেই আবিরে রাঙিয়ে নিলেন নিজেদের। সোশ্যাল মিডিয়ায় তাঁদের হোলি সেলিব্রেশনের ছবি এখন রীতিমতো ভাইরাল।
বলিউডের গ্ল্যামার গার্ল উর্বশী রাউতেলার আবির মাখা লুক দেখে কুপোকাত ভক্তরা। অন্যদিকে, সোহা আলি খান তাঁর মেয়ে ইনায়ার সঙ্গে মেতেছিলেন মিষ্টি মুহূর্তের রঙে। মা-মেয়ের সেই রঙিন ছবি মন কেড়েছে নেটিজেনদের। জাভেদ আখতার ও শাবানা আজমির হোলি পার্টি প্রতিবছরের মতো এবারও ছিল আকর্ষণের কেন্দ্রে। বর্ষীয়ান এই দম্পতি একে অপরকে রং মাখিয়ে প্রমাণ করলেন যে, ভালোবাসার কোনো বয়স হয় না।
মজা আর হুল্লোড়: ঊর্মিলা মাতন্ডকরকে দেখা গেল একেবারে চনমনে মেজাজে। পোজ দেওয়ার পাশাপাশি মজার ছলে চিত্রগ্রাহকদের দিকেও আবির ছুড়ে দেন তিনি। অভিনেতা রণদীপ হুডা স্ত্রী ও পরিবারের সঙ্গে অন্তরঙ্গভাবে হোলি পালন করেছেন। দিব্যা দত্ত, মান্নারা চোপড়া এবং নেহা ধুপিয়াকেও দেখা গিয়েছে বন্ধুদের সঙ্গে হুল্লোড়ে মাততে। আট থেকে আশি— বলিউড ব্রিগেডের এই ‘রঙিন’ ছবিগুলিই এখন নেটদুনিয়ার হট টপিক।