টিকিটের দাম ৭ কোটি! গান্ধী পরিবারের বিরুদ্ধে হুলুস্থুল কাণ্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট ফাঁস করল বিজেপি

জাতীয় রাজনীতিতে এবার বড়সড় বিস্ফোরণ। কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব তথা গান্ধী পরিবারের বিরুদ্ধে সরাসরি ‘তোলাবাজি’ ও বিধানসভার টিকিট বিক্রির গুরুতর অভিযোগ আনল বিজেপি। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারী দাবি করেছেন, হরিয়ানা মহিলা কংগ্রেসের এক নেত্রীর কাছ থেকে বাওয়াল বিধানসভা কেন্দ্রের টিকিটের বিনিময়ে ৭ কোটি টাকা দাবি করেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এবং কেসি বেণুগোপাল।
বিজেপির অভিযোগ, এই পুরো দুর্নীতিতে কেসি বেণুগোপালকে ‘ফ্রন্ট’ বা ঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে। ভান্ডারীর দাবি, হরিয়ানা মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকার স্বামী নিজেই সাংবাদিক বৈঠক করে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এনেছেন। এমনকি টাকা আদায়ের জন্য প্রিয়াঙ্কা গান্ধীর ব্যক্তিগত সচিব (PA) সাদাব খান এবং কেসি বেণুগোপালের সচিবের মধ্যে হওয়া বেশ কিছু বিতর্কিত হোয়াটসঅ্যাপ চ্যাটও জনসমক্ষে আনা হয়েছে।
বিজেপির নিশানায় গান্ধী পরিবার: প্রদীপ ভান্ডারীর দাবি অনুযায়ী, “সোনিয়া গান্ধী, রাহুল এবং প্রিয়াঙ্কা বঢ়ড়া সরাসরি এই তোলাবাজি চক্রের সঙ্গে যুক্ত। কেসি বেণুগোপাল কেবল গান্ধী পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ হওয়ার সুবিধা নিয়ে এই অর্থ আদায়ের কাজ তদারকি করেছেন।” বিজেপির দাবি, এই হোয়াটসঅ্যাপ চ্যাটগুলি প্রমাণ করে যে কংগ্রেসের অন্দরে টিকিট পাওয়ার একমাত্র যোগ্যতা হলো মোটা অঙ্কের অর্থ প্রদান। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কংগ্রেসের অন্দরমহলে তোলপাড় শুরু হলেও, গান্ধী পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।