২৫ ঘণ্টার সফর বনাম ৯ লাখি বিমান ভাড়া! ইরান-আমেরিকা যুদ্ধে পকেট গড়ের মাঠ আমজনতার

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রের প্রভাব এবার সরাসরি পড়ল ভারতীয় বিমান যাত্রীদের ওপর। ইরান ও আমেরিকার মধ্যে চলা যুদ্ধের আবহে ভারতের আকাশপথ ও বিমান পরিষেবায় কার্যত ধস নেমেছে। ভারত থেকে লন্ডন যাওয়ার বিমান ভাড়া এক ধাক্কায় পৌঁছে গিয়েছে ৯.১২ লক্ষ টাকায়! যারা এই বিপুল টাকা খরচ করতে পারছেন না, তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ— ২৫ ঘণ্টারও বেশি সময় দীর্ঘ যাত্রার ধকল সইতে বাধ্য হচ্ছেন যাত্রীরা।
মধ্যপ্রাচ্যে অস্থিরতার কারণে এয়ারলাইন্সগুলো তাদের রুট বদলাতে বাধ্য হচ্ছে। অনেক বিমান সংস্থা তাদের উড়ান বাতিল করেছে, যার ফলে সরাসরি বা ‘নন-স্টপ’ ফ্লাইটের সংখ্যা কমে দাঁড়িয়েছে তলানিতে। আগামী ৬ মার্চ দিল্লি থেকে লন্ডন যাওয়ার একমাত্র সরাসরি ফ্লাইট ভার্জিন আটলান্টিক (VS303), যার একমুখী ভাড়াই হাঁকা হচ্ছে ৯ লক্ষ টাকার বেশি।
২৫ ঘণ্টার ক্লান্তি বনাম ৯ লাখি বিলাসিতা: বর্তমানে সাধারণ যাত্রীদের সামনে দুটিই পথ খোলা। হয় ৯ লক্ষ টাকা দিয়ে ১০ ঘণ্টার সরাসরি সফর, না হলে ৪৩ হাজার টাকা খরচ করে দুবাই হয়ে দীর্ঘ ২৫ থেকে ৩০ ঘণ্টার ‘ওয়ান-স্টপ’ যাত্রা। মুম্বই থেকে লন্ডন রুটেও একই ছবি। দুবাই হয়ে এমিরেটসের ফ্লাইটে ভাড়া কিছুটা কম হলেও যাত্রার সময় ২৬ ঘণ্টা ছাড়িয়ে যাচ্ছে। সংঘাতের কারণে বহু দেশের আকাশপথ ব্যবহার করা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বিমানগুলোকে ঘুরপথে যেতে হচ্ছে, যার ফলে জ্বালানি খরচ ও সময় দুই-ই বাড়ছে।
বাজারের এই অস্বাভাবিক পরিস্থিতি ভারত-ইউকে লং-হল রুটের যাত্রীদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পর্যটন থেকে ব্যবসা— সব ক্ষেত্রেই এখন মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া।