বিয়ের পিঁড়ি থেকে সোজা সেবায়! হাজার হাজার পড়ুয়ার দায়িত্ব নিলেন বিজয়-রশ্মিকা, কুর্নিশ নেটপাড়ার

উদয়পুরের সেই রাজকীয় বিয়ের রেশ কাটতে না কাটতেই এবার সম্পূর্ণ অন্য অবতারে ধরা দিলেন দক্ষিণী মেগাস্টার বিজয় দেবেরকোন্ডা এবং ‘ন্যাশনাল ক্রাশ’ রশ্মিকা মন্দানা। ৪ মার্চ হায়দরাবাদে তাঁদের গ্র্যান্ড রিসেপশন, কিন্তু তার আগেই সোমবার এক মানবিক ঘোষণায় সকলের মন জয় করে নিলেন এই নবদম্পতি। কোনো বিলাসবহুল উপহার বা পার্টি নয়, বরং তেলেঙ্গানার হাজার হাজার স্কুলপড়ুয়ার ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন তাঁরা।
সোমবার হায়দরাবাদে নিজেদের নতুন বাসভবনে গৃহপ্রবেশের পুজোর পর বিজয়ের পৈতৃক ভিটেতে সত্যনারায়ণ পুজোর আয়োজন করা হয়েছিল। সেখানে বিজয়ের মা এবং ভাই আনন্দ বর্ধন দেবেরকোন্ডার উপস্থিতিতে বিজয় ঘোষণা করেন যে, তাঁর নিজস্ব স্বেচ্ছাসেবী সংস্থা ‘দেবেরকোন্ডা চ্যারিটেবল ট্রাস্ট’-এর পক্ষ থেকে তেলেঙ্গানার নাগরকুরনুল জেলার ৪৪টি সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণির পড়ুয়াদের বিশেষ বৃত্তি বা স্কলারশিপ দেওয়া হবে। বিজয়ের এই উদ্যোগে পাশে দাঁড়িয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন রশ্মিকাও।
গ্রামে ফিরে আপ্লুত বিজয় জানান, নিজের শিকড়কে তিনি কখনও ভুলতে চান না। পৈতৃক ভিটেতে এখন থেকে নিয়মিত সময় কাটাবেন এই তারকা দম্পতি। এদিকে ৪ তারিখের প্রীতিভোজ ঘিরে সাজ সাজ রব হায়দরাবাদে। বলিউড থেকে দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি—তাকালে শুধু চাঁদের হাট দেখা যাবে সেখানে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বরাও। ভিড় সামলাতে ইতিমধ্যেই ট্রাফিক পুলিশ বিশেষ রুট ম্যাপ তৈরি করেছে। তবে গ্ল্যামার আর জৌলুস ছাপিয়ে বিজয়-রশ্মিকার এই জনহিতকর কাজ প্রমাণ করে দিল যে, রিল লাইফ নয়, রিয়েল লাইফেও তাঁরাই সেরা জুটি।