টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঝেই বড় ঘোষণা! আফগান সিরিজে ফিরছেন বিরাট-রোহিত, দিনক্ষণ জানাল BCCI

বর্তমানে ভারতীয় ক্রিকেট প্রেমীদের নজর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দিকে। কিন্তু এর মাঝেই এক বিরাট ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। চলতি বছরের জুন মাসে ভারত ও আফগানিস্তানের মধ্যে হতে চলা টেস্ট ও ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করা হয়েছে সোমবার। আর এই সিরিজেই ফের নীল জার্সিতে মাঠে নামতে দেখা যাবে ভারতের দুই কিংবদন্তি বিরাট কোহলি ও রোহিত শর্মাকে।
বিসিসিআই-এর বিবৃতি অনুযায়ী, রশিদ খানের নেতৃত্বাধীন আফগানিস্তান দল জুন মাসে ভারতে আসবে একটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে। টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেও, কোহলি ও রোহিত বর্তমানে শুধুমাত্র ৫০ ওভারের ফরম্যাটে খেলেন। ফলে ওয়ানডে সিরিজে তাঁদের উপস্থিতি নিশ্চিত। সিরিজের একমাত্র টেস্টটি ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত নিউ চণ্ডীগড়ে অনুষ্ঠিত হবে। এরপর তিনটি ওয়ানডে ম্যাচ হবে যথাক্রমে ১৪, ১৭ ও ২০ জুন— ধর্মশালা, লখনউ এবং চেন্নাইয়ে।
অন্যদিকে, বর্তমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে রুদ্ধশ্বাস ম্যাচে সঞ্জু স্যামসনের ৯৭ রানের সৌজন্যে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। আগামী দিনে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রেকর্ড তৃতীয় ট্রফি জয়ের লক্ষ্যে ইংল্যান্ডের মুখোমুখি হবে মেন ইন ব্লু।