৯১ পার ডলার, রক্তাক্ত শেয়ার বাজার! ইরান-ইজরায়েল যুদ্ধের কোপে লগ্নিকারীদের মাথায় হাত

সপ্তাহের শুরুতেই কার্যত বিপর্যয় নেমে এল ভারতীয় শেয়ার বাজারে। ইরান ও ইজরায়েল-আমেরিকা সংঘাতের আঁচ সরাসরি এসে পড়ল দালাল স্ট্রিটে। সোমবার বাজার খুলতেই শুরু হয় ব্যাপক রক্তক্ষরণ। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে লগ্নিকারীদের সাড়ে ১৭ লক্ষ কোটি টাকারও বেশি সম্পদ বাজার থেকে উধাও হয়ে গিয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) বাজার মূলধন গত শুক্রবারের ৪৬.৩৫ লক্ষ কোটি থেকে হু হু করে কমে ৪৪.৫৯ লক্ষ কোটিতে দাঁড়িয়েছে।

শুধু শেয়ার বাজার নয়, রেকর্ড পতন হয়েছে ভারতীয় মুদ্রাতেও। মার্কিন ডলারের তুলনায় টাকার দাম ৯১-এর গণ্ডি অতিক্রম করে সর্বকালীন নিম্নস্তরের কাছাকাছি পৌঁছে গিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের আকাশছোঁয়া দাম এবং বিদেশি লগ্নিকারীদের (FII) ক্রমাগত পুঁজি তুলে নেওয়ার ফলেই এই ধস নেমেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিনের বাজারে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ব্লু-চিপ সংস্থাগুলি। লারসেন অ্যান্ড টুব্রো (L&T)-র শেয়ার ৫.৬৯ শতাংশ পড়ে গিয়েছে। এছাড়া ক্ষতির তালিকায় রয়েছে ইন্ডিগো (৪.৩০%), আদানি পোর্টস, মারুতি সুজুকি ও মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার মতো নামী সংস্থা। বাজার বিশেষজ্ঞদের মতে, মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে মুদ্রাস্ফীতি আরও বাড়বে, যা বাজারকে আরও অস্থির করবে। এই টালমাটাল পরিস্থিতিতে লগ্নিকারীদের হঠকারী সিদ্ধান্ত না নিয়ে আপাতত পরিস্থিতি পর্যবেক্ষণের পরামর্শ দেওয়া হচ্ছে।