‘শাহজাহান বলেছিল চামড়া দিয়ে ডুগডুগি বাজাবে, এখন কোথায় সে?’ সরবেড়িয়ায় দাঁড়িয়ে তোপ বিরোধী দলনেতার

২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে ফের একবার তপ্ত সন্দেশখালি। সোমবার উত্তর ২৪ পরগনার এই দ্বীপাঞ্চলে ‘পরিবর্তন যাত্রা’য় যোগ দিয়ে তৃণমূলের জেলবন্দি নেতা শেখ শাহজাহানকে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শাহজাহানের একসময়ের হুঙ্কারের পাল্টা দিয়ে শুভেন্দু এদিন হুঙ্কার ছাড়লেন, “ওকে জেলের ভেতরেই পচিয়ে রাখব।”
সন্দেশখালি নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে তৃণমূল জিতলেও, সন্দেশখালি বিধানসভা এলাকায় বিজেপি প্রায় ৭ হাজার ৮০০ ভোটে লিড পেয়েছিল। সেই পরিসংখ্যান মনে করিয়ে দিয়ে শুভেন্দু বলেন, “আমি আজ ২৯৪টি কেন্দ্রের মধ্যে প্রথম বলে যাচ্ছি, রেকর্ড করে রাখুন, ২০ হাজার ভোটে এখান থেকে পদ্মফুল জিতবে। ৫টি দ্বীপে কোথায় কী করতে হবে, আমার সব জানা আছে।”
শাহজাহানকে ব্যক্তিগত আক্রমণ পুরানো শত্রুতার কথা টেনে শুভেন্দু বলেন, “শাহজাহান বলেছিল কাঁথির ব্যাটার চামড়া তুলে ডুগডুগি বাজাবে। আজ আমি ওর বাড়ির সামনে সরবেড়িয়ায় দাঁড়িয়ে মিষ্টি খেয়ে এসেছি। আপনারা সাহস রাখুন, নরেন্দ্র মোদির নেতৃত্বে পরিবর্তন আসন্ন।” রাজনৈতিক মহলের মতে, সন্দেশখালি ইস্যুকে ফের চাঙ্গা করে ২০২৬-এর বৈতরণী পার করতে মরিয়া বিজেপি। শুভেন্দুর এই আক্রমণাত্মক মেজাজ কর্মীদের মধ্যে বাড়তি অক্সিজেন জোগাবে বলেই মনে করা হচ্ছে।