‘বাবা আর বউয়ের সম্পর্ক সহ্য করতে পারছি না’, বিস্ফোরক ভিডিওর পর মন্ত্রীর ছেলের রহস্যমৃত্যু!

পাঞ্জাবের প্রাক্তন মন্ত্রী রাজিয়া সুলতানা এবং প্রাক্তন শীর্ষ পুলিশকর্তা মহম্মদ মুস্তফার ছেলে আকিল আখতারের (৩৩) মৃত্যুকে কেন্দ্র করে ঘনীভূত হচ্ছে রহস্য। পঞ্চকুলার বাসভবনে অচৈতন্য অবস্থায় পাওয়ার পর আকিলকে মৃত ঘোষণা করা হলেও, তাঁর করা একটি পুরোনো ভিডিও সামনে আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। ভিডিওতে আকিল নিজের বাবা এবং স্ত্রীর মধ্যে অবৈধ সম্পর্কের বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন।

ভিডিওতে চাঞ্চল্যকর দাবি ২০২৫ সালের অগস্টে রেকর্ড করা ওই ভিডিওতে আকিল দাবি করেছিলেন, “আমার বাবার সঙ্গে আমার স্ত্রীর শারীরিক সম্পর্ক রয়েছে। আমি মানসিকভাবে ভেঙে পড়েছি। পরিবার আমাকে পাগল সাজিয়ে রিহ্যাব সেন্টারে পাঠিয়ে দিচ্ছে যাতে কেউ সত্যিটা জানতে না পারে।” তিনি আরও অভিযোগ করেছিলেন যে, তাঁর মা রাজিয়া সুলতানা এবং বোনও এই ষড়যন্ত্রের অংশ।

মৃত্যু নাকি আত্মহত্যা? প্রাথমিকভাবে পরিবারের পক্ষ থেকে ড্রাগ ওভারডোজের কথা বলা হলেও, পুলিশের হাতে আসা ভিডিও এবং আত্মীয়দের বয়ান অন্য ইঙ্গিত দিচ্ছে। আকিল ভিডিওতে বলেছিলেন, “বিয়ের পর থেকে আমার স্ত্রী আমাকে ছুঁতে দেয়নি। সে আসলে আমাকে নয়, বাবাকে বিয়ে করেছে।” অন্যদিকে, অন্য একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায় যে তিনি ‘সিজোফ্রেনিয়া’য় ভুগছেন, যদিও তদন্তকারীদের অনুমান, পরিবারের চাপে পড়ে তাঁকে এই কথা বলতে বাধ্য করা হয়েছিল।

আইনি পদক্ষেপ চণ্ডীগড় পুলিশ ইতিমাজেই রাজিয়া সুলতানা ও মহম্মদ মুস্তফার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে যারা আকিলের বাবা-মা, স্ত্রী ও বোনের ভূমিকা খতিয়ে দেখবে। পাঞ্জাব রাজনীতির এক সময়ের প্রভাবশালী এই পরিবারের অন্দরমহলের কেলেঙ্কারি এখন জাতীয় শিরোনামে।