আন্টার্কটিকায় রাজামৌলি! মহেশ বাবু ও প্রিয়াঙ্কার ‘বারাণসী’ কি ভাঙবে হলিউডের রেকর্ড?

এস এস রাজামৌলি মানেই সেলুলয়েডে ম্যাজিক। ‘বাহুবলী’ বা ‘RRR’-এর বিশ্বজয়ের পর এবার তাঁর লক্ষ্য পৃথিবীর শেষ প্রান্ত। জল্পনা সত্যি করে মহেশ বাবু এবং প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে রাজামৌলি পাড়ি দিচ্ছেন আন্টার্কটিকায়! রাজামৌলির আসন্ন মেগা প্রজেক্ট ‘বারাণসী’-র শুটিং হবে দক্ষিণ মেরুর দুর্গম বরফরাজ্যে, যা ভারতীয় সিনেমার ইতিহাসে এই প্রথম।
টুইটে ফাঁস গোপন তথ্য অফিসিয়াল ঘোষণা না এলেও মহেশ বাবু ও প্রিয়াঙ্কার এক মজাদার টুইট আড্ডা থেকেই বিষয়টি পরিষ্কার হয়েছে। হলিউড ছবি ‘দ্য ব্লাফ’-এ প্রিয়াঙ্কার অভিনয়ের প্রশংসা করেছিলেন মহেশ। তার উত্তরে পিগি চপস লেখেন, “ধন্যবাদ বন্ধু। তোমার সঙ্গে আন্টার্কটিকায় দেখা হচ্ছে!” এই এক লাইনেই কেল্লাফতে! নিশ্চিত হওয়া গিয়েছে যে রাজামৌলির পরবর্তী গন্তব্য রস আইস সেলফ (Ross Ice Shelf)।
গল্পে টাইম-ট্রাভেল আর গ্রহাণুর সংঘাত টিজার ও ট্রেলার অনুযায়ী, ‘বারাণসী’ হতে চলেছে একটি টাইম-ট্রাভেলিং অ্যাডভেঞ্চার। ছবির প্রেক্ষাপট ২০২৭ সাল, যখন একটি বিশাল গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়বে। এই মহাজাগতিক ধ্বংসলীলার ফলে বরফের নিচে চাপা পড়ে যাবে এক প্রাচীন সভ্যতা। সেই রহস্য উদ্ধারেই আন্টার্কটিকার হাড়কাঁপানো ঠান্ডায় লড়বেন মহেশ ও প্রিয়াঙ্কা। জিম্বাবোয়ে ও আফ্রিকার জঙ্গলে শুটিং সেরে এবার বরফের দেশে পা রাখছে টিম।
বিশ্বের দরবারে ভারত বিশ্বজুড়ে মাত্র হাতেগোনা ৫টি সিনেমার শুটিং আন্টার্কটিকায় হয়েছে। ষষ্ঠ এবং প্রথম ভারতীয় সিনেমা হিসেবে সেই তালিকায় নাম লেখাতে চলেছে ‘বারাণসী’। প্রিয়াঙ্কা এক টক শো-তে জানিয়েছেন, ইতিমধ্যেই ১৪ মাসের কাজ শেষ হয়েছে, আরও ৬ মাস বাকি। ২০২৭ সালের এপ্রিলে মুক্তি পেতে পারে এই ছবিটি। রাজামৌলির এই বিশাল বাজেটের ছবি যে বক্স অফিসের সব হিসেব ওলটপালট করে দেবে, তা বলাই বাহুল্য।