১০ বছরেই পেটেন্ট! সানি লিওনের মেয়ের কাণ্ড দেখে নিজের সন্তানদের ‘ধোলাই’ দিতে চাইলেন ফারহা!

সানি লিওনের মেয়ে নিশা কৌর ওয়েবার এখন খবরের শিরোনামে। তবে কোনও সিনেমার জন্য নয়, বরং নিজের বুদ্ধিতে মাত্র ১০ বছর বয়সেই সে হয়ে উঠেছে একজন খুদে উদ্যোক্তা ও আবিষ্কর্তা। নিশার তৈরি ‘বু বক্স’ (Boo Box) দেখে অবাক হয়ে গিয়েছেন বলিউডের নামী পরিচালক ফারহা খানও।

বকুনি থেকেই ব্যবসার বুদ্ধি! গল্পটা বেশ মজার। মুম্বইয়ের ধুলোবালিতে নিশার প্রায়ই অ্যালার্জি ও হাঁচি হতো। টিস্যু ব্যবহার করে যেখানে-সেখানে ফেলে রাখার জন্য মা সানি লিওন রোজ বকাঝকা করতেন। একদিন অলসতা কাটাতে নিশা নিজেই একটি বুদ্ধি বার করে—সে একটি টিস্যু বক্সের গায়ে স্কচ টেপ দিয়ে একটি ডিসপোজেবল কাপ আটকে দেয়। আইডিয়াটা হলো—বক্স থেকে টিস্যু বের করো আর ব্যবহারের পর সরাসরি ওই কাপে ফেলে দাও। সানি ও তাঁর স্বামী ড্যানিয়েল এই অভিনবত্ব বুঝতে পেরে এর পেটেন্ট নেন এবং এখন এই ‘বু বক্স’ আমাজনে ৯৯৯ টাকায় বিক্রি হচ্ছে।

ফারহা খানের রসিকতা সম্প্রতি সানির বাড়িতে গিয়ে নিশার এই সাফল্যের কথা শোনেন ফারহা খান। ১০ বছরের বাচ্চার এই রোজগার আর উদ্ভাবনী ক্ষমতা দেখে ফারহা মজার ছলে বলেন, “এসব দেখে তো মনে হচ্ছে বাড়ি গিয়ে নিজের বাচ্চাদের আচ্ছা করে ধোলাই দিই! আমার ছেলেমেয়েরাও যদি তাড়াতাড়ি কিছু একটা আবিষ্কার করত, তবে ভবিষ্যৎটা নিশ্চিত হত।” সানি হেসে জানান, দিদির এই ইনকাম দেখে ছোট দুই ভাই আশের আর নোয়া এখন থেকেই হিংসে করতে শুরু করেছে।

সানি ও ড্যানিয়েলের অভিভাবকত্বের প্রশংসায় পঞ্চমুখ ফারহা। দত্তক নেওয়া কন্যা নিশাকে যেভাবে সৃজনশীল পরিবেশে বড় করে তুলছেন তাঁরা, তা সত্যিই শিক্ষনীয়। মাত্র ১০ বছরেই নিজের প্রতিভায় নিশা বুঝিয়ে দিয়েছে, সে লম্বা রেসের ঘোড়া।